৯ কোটি টাকার সঞ্চয়পত্র জালিয়াতির অভিযোগে দম্পতি গ্রেপ্তার
জালিয়াতির দায়ে গ্রেপ্তার দম্পতি -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০ | ০০:৪৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ | ০৪:০৩
প্রায় ৯ কোটি টাকার সঞ্চয়পত্র জালিয়াতির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা হলেন- এইচএমএ বারিক ওরফে বাদল ওরফে বাদল হাওলাদার ওরফে মোস্তাক আহমেদ ও তার স্ত্রী মুরশিদা আফরীন।
শনিবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলেন এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৭ জানুয়ারি খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাদের জালিয়াতি চক্রে ২১ সদস্য। তারা দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে ঢাকার কয়েকটি ব্যাংকে একই ব্যক্তির একাধিক নাম-ঠিকানা ব্যবহার করে বিভিন্ন নাম-সর্বস্ব প্রতিষ্ঠান খোলেন। পরে ভুয়া সঞ্চয়পত্র ও এফডিআরের বিপরীতে নামে-বেনামে ঋণ নিয়ে ৮ কোটি ৬৫ লাখ টাকা হাতিয়ে নেন।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, গ্রেপ্তার বারিক ও তার স্ত্রীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ২ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।
