ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পেঁয়াজ বিক্রির প্রস্তাব দেয়নি ভারত, দিলে বিবেচনা: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ বিক্রির প্রস্তাব দেয়নি ভারত, দিলে বিবেচনা: বাণিজ্যমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ১০:০৪ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ১৩:৫৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত বাংলাদেশকে পেঁয়াজ রপ্তানির কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। প্রস্তাব পেলে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত্র মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারত সম্প্রতি অন্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে। যে দামে পেঁয়াজ আমদানি করেছে, তার চেয়েও কম দামে বাংলাদেশকে দিতে চাইছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন- দাম বিষয় নয়, আনুষ্ঠানিকভাবে সরকার এমন কোনো প্রস্তাব পায়নি। এ ধরনের প্রস্তাব এলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসবে। প্রস্তাব পেলে সরকার কী করবে জানতে চাইলে তিনি বলেন, 'প্রস্তাব আসার পর বিবেচনা করা হবে। আমরা তো এখন নিজেরাই সরাসরি আমদানি করছি। তার পরও যদি উপযুক্ত হয়, দেখা যাবে। তবে এখন এটা আমাদের বিবেচনায় নেই।'

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, সংকটের কারণে বিভিন্ন দেশ থেকে প্রচুর পেঁয়াজ আমদানি করেছে ভারত। তবে নিম্নমানের হওয়ায় দেশে তা বিক্রি হচ্ছে না। বিভিন্ন রাজ্যের ক্রেতারা এ পেঁয়াজ কিনছেন না। আমদানি করা এসব পেঁয়াজ নিয়ে সমস্যায় রয়েছে ভারত। এসব পেঁয়াজ কম দামে বাংলাদেশের কাছে বিক্রির চেষ্টা করা হচ্ছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রকিবুল হকের কাছে পেঁয়াজ বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। নিজেদের সংকটের কারণে গত সেপ্টেম্বরে ভারত বহির্বিশ্বে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর পর বাংলাদেশে এর দাম স্মরণকালের রেকর্ড ছাড়ায়। বাংলাদেশ এখন ভারতের বিকল্প বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে।

আরও পড়ুন

×