কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১৬:০৩
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত, পল্লী অর্থনীতির সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট ডিপার্টমেন্টের পরিচালক-২ এ কে এম সাইদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের মোহাম্মদ খায়রুল আলম এবং হেড অব এগ্রি শরীফ হাসান মামুন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এগ্রি ক্রেডিট বিভাগের যুগ্ম-পরিচালক-২ মো. সাখাওয়াত হোসেন ও অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক দেশের কৃষক ও পল্লী অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্টদের জন্য অর্থায়নের সুযোগ আরও সম্প্রসারণ করতে পারবে। এর মাধ্যমে কৃষকদের সহজ ও সুলভ ঋণ সুবিধা দেওয়া, কৃষি উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের কার্যক্রম আরও জোরদার হবে।
কৃষি বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ জানিয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি কৃষক ও উদ্যোক্তাদের অর্থায়নের মাধ্যমে দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করে যাচ্ছে। নতুন চুক্তির আওতায় কৃষিখাতে অর্থায়ন আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি