হিজলায় নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ
ছবি: সংগৃহীত
বরিশাল বুরো
প্রকাশ: ২৬ মে ২০২৬ | ০১:৪৬
বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল।
নিখোঁজরা হলেন, উপজেলার ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।
গৌতম চন্দ্র মন্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে কয়েকজন যাত্রী নৌকায় আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটে যাচ্ছিলেন। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচ জন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন।
নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা করছেন। এছাড়াও উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সাথে ফায়ার সার্ভিস ও কোস্ট রয়েছে।
