গরমে মাথার ত্বক ঘামছে? যা করবেন
ছবি: সংগৃহীত
শৈলী ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১১:৪৫
জৈষ্ঠ্যের গরম বেশ ভোগাচ্ছে। কড়া রোদ ও ঘামের প্রভাব চুলের গোড়া, মাথার ত্বকে বেশ বাজেভাবে পড়ছে। স্ক্যাল্পে ঘাম বসে গেলে মাথার তালুতে চুলকানি, র্যাশসহ নানান সংক্রমণ দেখা দেয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে কিছু অভ্যাস রপ্ত করতে হবে।
একদিন পর পর শ্যাম্পু করুন
রূপবিশেষজ্ঞরা সপ্তাহে দুই বার বা তিনবারের বেশি শ্যাম্পু না করার পরামর্শ দেন। তবে মাথায় বেশি ঘাম জমলে একদিন পর পর শ্যাম্পু করুন। হালকা ক্ল্যারিফায়িং শ্যাম্পু তালুতে অল্প একটু ঘষে চুল ধুয়ে নিন। প্রতিবার চুলে কন্ডিশনার অবশ্যই লাগাবেন, তাতে স্ক্যাল্প আর চুল দুই-ই ভালো থাকবে।
চুল ছোট রাখুন
গরমে স্বস্তিতে থাকতে চুল একটু ছোট করে কেটে ফেলুন। পছন্দের যেকোনো হেয়ার কাট দিন। ছোট চুল সামলানো সহজ। যত্ন নেওয়াও সুবিধা।
চুল সারাক্ষণ বেঁধে রাখবেন না
যদি চুল না কাটেন তাহলে সারাক্ষণ বেঁধে রাখবেন না। অনেকেই গরম থেকে রেহাই পেতে চুল খোঁপা করে রাখেন, বা পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে রাখেন। এতে চুলের গোড়ায় খুব ঘাম জমে যায়। মাঝে মাঝে চুল খুলে ফ্যানের নিচে বসুন। চুল শুকিয়ে নিন।
ভেজা চুল বাঁধবেন না
চুল ভেজা অবস্থায় বেঁধে রাখলে চুলের ক্ষতি হয়। গোসল করার পর ভালো করে শুকিয়ে এরপর চুল বাঁধুন। নয়তো চুলের গোড়ায় ঘাম জমে। ভেজা চুল বেঁধে রাখলে উকুন হয়।
হেয়ার মাস্ক
স্ক্যাল্প ভালো রাখতে হেয়ার মাস্ক লাগান। তিন টেবিল চামচ লেবুর রসের সঙ্গে দুই টেবিল চামচ ডাবের পানি মিশিয়ে সেটা স্ক্যাল্পে ভালো করে ঘষে ঘষে মেখে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। স্ক্যাল্প পরিষ্কার হবে, চুল ভালো থাকবে।
পেপারমিন্ট অয়েল
শ্যাম্পু বা তেল মাখার আগে তাতে কয়েক ফোঁটা পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন। পেপারমিন্ট অয়েলে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে যা স্ক্যাল্প সতেজ রাখে।
সূত্র: ফেমিনা
- বিষয় :
- চুলের যত্ন
