তবে কি ১৫ বছর পর একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ-কারিনা
শাহরুখ খান ও কারিনা কাপুর খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:৩৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ১৫:৪৪
শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে শেষবার একসঙ্গে পর্দায় দেখা গেছে প্রায় ১৫ বছর আগে। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটিকে একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে কারিনাকে দেখা যেতে পারে বলে বলিউডে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সিনেমাটির নির্মাতা দল।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’-এ কারিনার উপস্থিতি হতে পারে ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে। সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে গানটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে খবর। তবে কারিনা এতে যুক্ত হচ্ছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গানটির শুটিংয়ে শাহরুখ ও কারিনার দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা রয়েছে। অক্টোবরের শেষ দিকে সেখানে প্রায় পাঁচ দিন শুটিং হতে পারে।
গানটির সুর করছেন সংগীত পরিচালক জুটি সচিন-জিগর। এতে কোনো আন্তর্জাতিক শিল্পীর অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে। তবে সেই শিল্পীর পরিচয় প্রকাশ করা হয়নি। গানটির দৃশ্যায়নেও বিশেষ চমক রাখার পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে।
শাহরুখ ও কারিনার পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ পরিচিত। ‘কাভি খুশি কাভি গাম’, ‘আশোকা’ ও ‘রা-ওয়ান’ এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। বিশেষ করে ‘রা-ওয়ান’ সিনেমার ‘ছাম্মক ছল্লো’ ও ‘ক্রিমিনাল’ গান দুটি এখনো দর্শকের মনে জায়গা করে আছে। তাই দীর্ঘ বিরতির পর এই জুটিকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা অনুরাগীদের আগ্রহ বাড়িয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নিয়ে আগে থেকে দর্শকের কৌতূহল রয়েছে। শাহরুখের পাশাপাশি এতে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখোপাধ্যায় ও জয়দীপ আহলাওয়াতের মতো তারকারা। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা সুহানারও।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। শাহরুখের অ্যাকশন অবতার, তারকাবহুল অভিনয়শিল্পী এবং সুহানার বড় পর্দায় অভিষেকের পাশাপাশি কারিনার সম্ভাব্য উপস্থিতি সিনেমাটি নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সূত্র: দ্য ওয়াল
- বিষয় :
- কারিনা কাপুর খান
- শাহরুখ খান
- বলিউড
- সিনেমা