ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৭২ বছরে রেখা

যে ১০ সিনেমা তাকে অমর করে রেখেছে

যে ১০ সিনেমা তাকে অমর করে রেখেছে
×
×

অভিনেত্রী রেখা। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ২০:৪০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ | ২০:৪২

পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবন। ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করে বাণিজ্যিক চলচ্চিত্র থেকে সমান্তরাল ধারার সিনেমা—সবখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বলিউড অভিনেত্রী রেখা। পর্দায় তাঁর উপস্থিতি, অভিনয়ের বৈচিত্র্য আর রহস্যময় ব্যক্তিত্ব তাঁকে দিয়েছে আলাদা পরিচিতি। ২০১০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন এই অভিনেত্রী।

দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা না গেলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। গতকাল ৭২ বছরে পা রাখা রেখার ক্যারিয়ারের এমন ১০টি সিনেমা ফিরে দেখা যাক, যেগুলো তার তারকাখ্যাতিকে আরও দৃঢ় করেছে।

ইজাজত (১৯৮৭)
গুলজারের পরিচালনায় নির্মিত ‘ইজাজত’ প্রেম-বিচ্ছেদ ও সম্পর্ক ভাঙার পরও মনের মধ্যে থেকে যাওয়া স্মৃতির গল্প। এতে রেখার সঙ্গে অভিনয় করেন নাসিরুদ্দিন শাহ। সাবেক এই দম্পতির আকস্মিকভাবে একটি রেলস্টেশনের অপেক্ষাকক্ষে দেখা হয় বৃষ্টিভেজা রাতে। এরপর সামনে আসে তাদের সম্পর্কের অমীমাংসিত অধ্যায়।

অভিনেত্রী রেখা। ছবি: সংগৃহীত

সিলসিলা (১৯৮১)
যশ চোপড়ার পরিচালনায় ‘সিলসিলা’ সিমেমায় চাঁদনির চরিত্রে অভিনয় করেন রেখা। এতে তার বিপরীতে অভিনয় করেন অমিতাভ বচ্চন। সম্পর্কের টানাপোড়েন জটিল নিয়ে এগিয়ে যায় সিনেমা। রেখা, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের অভিনয় সিনেমাটি বিশেষ মাত্রা দেয়। জয়া ও রেখার মুখোমুখি হওয়ার দৃশ্য হিন্দি সিনেমার স্মরণীয় মুহূর্তগুলোর একটি।

খুবসুরত (১৯৮০)
হৃষিকেশ মুখার্জির পরিচালনায় ‘খুবসুরত’ সিনেমায় মঞ্জু চরিত্রে প্রাণবন্ত অভিনয় করেন রেখা। তার স্বতঃস্ফূর্ততা, দুষ্টুমি আর রসিকতা এই সিনেমা উপভোগ্য করে তোলে। বোনের শ্বশুরবাড়ির কঠোর নিয়মকানুনের মধ্যে মঞ্জুর উপস্থিতি নিয়ে আসে পরিবর্তন। চরিত্রটির জন্য প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান রেখা।

ঘর (১৯৭৮)
মানিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই সিনেমায় ভালোবাসায় পূর্ণ এক দম্পতির জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। সিনেমায় স্ত্রীর ওপর নৃশংস হামলা ও গণধর্ষণের পর সেই মানসিক আঘাত কাটিয়ে ওঠার কঠিন সংগ্রাম তুলে ধরা হয়েছে। আরতির চরিত্রে রেখার অভিনয় ছিল তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী ও হৃদয়স্পর্শী কাজ।

অভিনেত্রী রেখা। ছবি: সংগৃহীত

উমরাও জান (১৯৮১)
মুজাফফর আলীর পরিচালনায় ‘উমরাও জান’ সিনেমায় লখনউয়ের এক নর্তকীর চরিত্রে অভিনয় করেন রেখা। যে নারীকে অনেকে কামনা করে, কিন্তু খুব কম মানুষই তার অনুভূতি বোঝার চেষ্টা করে—এমন এক জীবনের গল্প উঠে এসেছে ছবিতে। অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মাননা পান রেখা।

কলিযুগ (১৯৮১)
শ্যাম বেনেগালের পরিচালনায় ‘কলিযুগ’ মহাভারতের কাহিনির আধুনিক রূপ, যেখানে করপোরেট জগতের দ্বন্দ্বের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সম্পর্ক, ক্ষমতা ও প্রতিদ্বন্দ্বিতার গল্প। সুপ্রিয়া চরিত্রে রেখা স্বামী (রাজ বব্বর), তার দেবর (অনন্ত নাগ) এবং প্রতিদ্বন্দ্বী পক্ষের সঙ্গে জটিল সম্পর্কের মধ্যে দিয়ে এগিয়ে যান। ভালোবাসা, ঈর্ষা ও কমেডির মিশেলে তাঁর অভিনয় সিনেমাকে বিশেষ করে তুলেছে।

খুন ভারি মাঙ্গ (১৯৮৮)
রাকেশ রোশনের পরিচালনায় ‘খুন ভরি মাং’ রেখার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এতে এক কুমিরের আক্রমণ থেকে বেঁচে যাওয়া নারীকে পরে ফ্যাশন মডেল হিসেবে নতুন জীবন শুরু করতে দেখা যায়। যারা তার ক্ষতি করেছিল, তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়াই হয়ে ওঠে তার লক্ষ্য। গ্ল্যামার, নাটকীয়তা ও প্রতিশোধের গল্পে রেখার অভিনয় দর্শকের প্রশংসা পায়। সিনেমাটিকে তাঁর ক্যারিয়ারের বড় প্রত্যাবর্তন হিসেবেও বিবেচনা করা হয়।

অভিনেত্রী রেখা। ছবি: ইন্সটাগ্রাম

খিলাড়িয়াও কা খিলাড়ি (১৯৯৬)
এই সিনেমায় ম্যাডাম মায়া চরিত্রে এক ভিন্ন রূপে হাজির হন রেখা। অবৈধ কুস্তির আসর পরিচালনাকারী এক গ্ল্যামারাস অপরাধজগতের নেত্রী হিসেবে তার সাজপোশাক ও অভিনয় দর্শকের নজর কাড়ে। চরিত্রটির ব্যতিক্রমী উপস্থাপনা ছবিটিকে বাণিজ্যিক সাফল্যের দিকেও এগিয়ে নেয়।

বাসেরা (১৯৮১)
‘বাসেরা’ সিনেমায় স্ত্রী ও মায়ের ভূমিকায় অভিনয় করেন রেখা। চরিত্রটিতে একদিকে রয়েছে আবেগ ও অসহায়ত্ব, অন্যদিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার দৃঢ়তা। সংযত ও বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে ছবিটিতে নিজের দক্ষতার আরেকটি দিক তুলে ধরেন তিনি।

আস্থা: ইন দ্য প্রিজন অফ স্প্রিং (১৯৯৭)
প্রচলিত ও নিরাপদ চরিত্রের বাইরে গিয়ে ‘আস্থা’ সিনেমায় অভিনয় করেন রেখা। এতে মানসি নামের এক মধ্যবিত্ত গৃহবধূর চরিত্রে দেখা যায় তাকে, যিনি বিলাসী জীবনযাপনের আকাঙ্ক্ষা পূরণ করতে এসকর্ট হিসেবে কাজ শুরু করেন। নিজের নৈতিক বোধ, অপরাধবোধ ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে তাঁর টানাপোড়েনই ছবির মূল বিষয়। স্পর্শকাতর এই চরিত্রে রেখার অভিনয় প্রশংসিত হয়েছিল।

আরও পড়ুন

×