আগামীর প্রত্যাশা
ফাইল ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৪
চাকরিতে নিয়োগকারী সংস্থাগুলোকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে
মো. তারেক রহমান
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার চাওয়া থাকবে, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষক রাজনীতি বন্ধ করা। সর্বশেষ শিক্ষাপদ্ধতি বাতিল করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আধুনিক এবং যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে একটি স্মার্ট শিক্ষাপদ্ধতি প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয়ভাবে বৃত্তি চালু এবং প্রাথমিকসহ সর্বস্তরে দক্ষ ও যোগ্য শিক্ষকদের নিয়োগ দিতে হবে। সরকারি চাকরিতে নিয়োগকারী সংস্থাগুলোকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধা রয়েছে। এখানে সিজিপিএ বেশি প্রাধান্য দেওয়া হয়, ফলে শিক্ষার্থীরা সিজিপিএর পেছনে ছুটে স্বাধীনভাবে নিজ নিজ মেধায় বিকশিত হওয়ার সুযোগ কম পায়। সুতরাং, প্রত্যাশা থাকবে ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন সেবায় নিয়োজিত ব্যক্তিরা যেন সবসময় শিক্ষার্থীবান্ধব ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষার্থীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে এবং শিক্ষার্থীরাও যেন পড়াশোনার পাশাপাশি স্বাধীনভাবে মুক্তচিন্তারা মাধ্যমে সব অন্যায়-অনিয়মে আপসহীন থেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়গুলো যেন বিসিএস ক্যাডার তৈরির আঁতুড়ঘর না হয়ে সৃজনশীল উদ্যোক্তা তৈরি এবং ফ্রিল্যান্সিংয়ের দিকে এগোতে পারে সেজন্য পর্যাপ্ত বাজেট, সুযোগ-সুবিধা ও মূল্যায়ন নিশ্চিত করবে সরকার– এটিই প্রত্যাশা।
বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকবিরোধী ক্যাম্পেইন করা দরকার
সাজেদুল হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়
জুলাই বিপ্লব-পরবর্তী দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় নিয়ে আগামী শিক্ষাবর্ষের প্রত্যাশা মূলত পরিবর্তনের স্বপ্ন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। এ জন্য শিক্ষা ক্ষেত্রকে এমনভাবে পুনর্গঠিত করার প্রয়াস থাকবে যা সমাজের পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও একাডেমিক পরিবেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং এজন্য স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র সংসদ চালু করা। প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও সংখ্যালঘুদের জন্য শিক্ষার বিশেষ সুযোগ প্রদান এবং অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বৃত্তি এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা। গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি তৈরি করা, উদ্ভাবনী শক্তি এবং তথ্যপ্রযুক্তির বিকাশে শিক্ষার্থীদের স্বাধীনতা ও সহযোগিতা প্রদান। এ ছাড়া শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে কর্মমুখী দক্ষতা অর্জনে ট্রেনিং প্রোগ্রাম এবং ইন্টার্নশিপ ব্যবস্থা চালু করা। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত পাঠ্যক্রম ও শিক্ষাদান এবং যুগোপযোগী ও বাস্তবমুখী পাঠ্যক্রম প্রণয়ন করা। শিক্ষাঙ্গনে রাজনীতির নেতিবাচক প্রভাব দূর করে সুষ্ঠু ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা এবং দুর্নীতি ও বৈষম্য বন্ধে কার্যকর নীতি প্রণয়ন করা।
অন-ক্যাম্পাস প্লেসমেন্টের
সুযোগ বাড়াতে হবে
সেঁজুতি ঢালী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নতুন শিক্ষাবর্ষে অন্তর্বর্তীকালীন সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার চাওয়া থাকবে, অন-ক্যাম্পাস প্লেসমেন্টের সুযোগ বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের শুধু চাকরি পেতে নয়, নিজেদের টেক স্টার্টআপ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে হবে। ইন্টার্নশিপের ব্যবস্থা বিস্তৃত করতে হবে; কিছু ডিপার্টমেন্টে ইন্টার্নশিপ কোর্স অন্তর্ভুক্ত হলেও বেশির ভাগ ডিপার্টমেন্টে এর অভাব রয়েছে। শিক্ষকদের মূল্যায়ন প্রক্রিয়া উন্নত করতে হবে যাতে শিক্ষার্থীদের যথাযথভাবে মূল্যায়ন করা যায়। কোর্সগুলোকে আধুনিক এবং যুগোপযোগী করে আপডেট করতে হবে।v
শিক্ষার্থীদের আবাসন সমস্যা
দ্রুত নিরসন হোক
নাহিদ নিয়াজি
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
একজন শিক্ষার্থী হিসেবে নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সব ধরনের সমস্যা সমাধানে ভূমিকা রাখুক। সুস্থ সাংস্কৃতিক চর্চা জাতির মনন বিকাশে সাহায্য করে, ক্যাম্পাসের এই সংস্কৃতিচর্চা যেন কখনোই অশ্লীলতাকে প্রসার না করে তার সুস্থ চর্চা হোক। শিক্ষার্থীদের আবাসন সমস্যা দ্রুত নিরসন হোক, খাবারের কোয়ালিটি নিয়ে জিরো টলারেন্স নীতি চালু হোক। নৈতিকতা, মানবিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্বের গুণাবলি তৈরি করার উদ্যোগ নেওয়া। পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে কার্যকর উদ্যোগ গ্রহণ। v
গ্রন্থনা : সাইফুল ইসলাম শাহেদ
- বিষয় :
- প্রত্যাশা
