ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

 ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১১:৪৫

কেমব্রিজ প্রিন্সিপালস মিট অনুষ্ঠিত

দেশে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে কেমব্রিজ প্রিন্সিপালস মিট-২০২৬। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার দেড়শ জনের বেশি অধ্যক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষাসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের বৈশ্বিক ব্যবস্থাপনা পরিচালক রড স্মিথ ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ রাজামানি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসটিএস গ্রুপের সিইও মানাস সিং। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য অর্থবহ শেখার পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের প্রতিনিধিরা শিক্ষা খাতের পরিবর্তিত অগ্রাধিকার, নতুন সম্ভাবনা ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কেমব্রিজ শিক্ষাধারা অনুসরণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়।

ইউজিসির মেধাবৃত্তি পেলেন বাকৃবির ৬ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক শ্রেষ্ঠত্বে শীর্ষে থাকায় ছয়জনকে মেধাবৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্যের কক্ষে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হলেন– বায়েজিদ আলম (ভেটেরিনারি অনুষদ), খালিদ হাসান (কৃষি অনুষদ), মো. জামিল হোসেন (পশুপালন অনুষদ), যূথী দত্ত (কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ), মো. শাদমান জামান রুহিত (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), মো. গোলাম সাকলায়েন আনাস (মাৎস্যবিজ্ঞান অনুষদ)।

এ সময় উপাচার্য ভূঁইয়া বলেন, ‘এমন একাডেমিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং একাডেমিকে ভালো করার পাশাপাশি দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলবে।’

আরও পড়ুন

×