বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি
পর্ব-১
এম. এ. মান্নান
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:১১
বিসিএস একটি দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখানে সফল হতে হলে ধৈর্য, নিয়মিত অনুশীলন এবং আত্মবিশ্বাস– এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিএসে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা।
প্রথমেই বিসিএস প্রিলিমিনারির সিলেবাস ভালোভাবে দেখে নিন। এরপর বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আপনার শক্তিশালী ও দুর্বল বিষয়গুলো চিহ্নিত করুন। কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, কোন বিষয় থেকে বারবার প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে– এসব বিষয় খেয়াল করে শেষ মুহূর্তের প্রস্তুতির পরিকল্পনা সাজান।
অনেক বিষয় আপনার আগে থেকেই জানা, আবার কিছু বিষয় তুলনামূলক নতুন। এখন নতুন অধ্যায়ে অতিরিক্ত সময় ব্যয় না করে গুরুত্বপূর্ণ ও বেশি প্রশ্ন আসা বিষয়গুলোতে জোর দিন। মনে রাখবেন, পরিকল্পিত প্রস্তুতি হাজারো প্রতিযোগীর মধ্যেও আপনাকে এগিয়ে রাখতে পারে।
আজকের আলোচনায় থাকছে বিসিএস প্রিলিমিনারির ইংরেজি বিষয়ে কার্যকর প্রস্তুতির কৌশল।
ইংরেজি ব্যাকরণে ভালো নম্বর তুলতে হলে Parts of Speech অংশে বিশেষ গুরুত্ব দিতে হবে। Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition ও Conjunction শনাক্তকরণ থেকে প্রায়ই প্রশ্ন আসে। পাশাপাশি Gerund, Participle এবং Parts of Speech-এর রূপান্তর– যেমন Noun থেকে Adjective বা Adjective থেকে Adverb–নিয়মিত অনুশীলন করুন। এ অংশ থেকেই সাধারণত কয়েকটি নম্বর নিশ্চিত করা যায়।
ভোকাবুলারি ইংরেজি অংশের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। Synonym, Antonym, One Word Substitution, Idiom and Phrase, Group Verb এবং Correct Spelling থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন থাকে। প্রস্তুতির জন্য বিগত বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসা ভোকাবুলারি বারবার পড়ুন। একই সঙ্গে নতুন শব্দ বাক্যে ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন। এতে শব্দ দীর্ঘদিন মনে থাকবে।
Grammar Rules অংশেও নিয়মিত প্রশ্ন আসে। বিশেষ করে Right Form of Verb, Voice, Narration, Transformation of Sentences এবং Condition ভালোভাবে অনুশীলন করতে হবে। এসব বিষয় মূলত এসএসসি ও এইচএসসি পর্যায়ের ব্যাকরণের ওপর ভিত্তি করেই আসে। তাই মৌলিক ধারণা পরিষ্কার থাকলে ভালো নম্বর পাওয়া সম্ভব।
এ ছাড়া Article, Degree, Tag Question এবং Parallelism থেকে সরাসরি প্রশ্ন কম এলেও Pinpoint Error বা Error Detection ধরনের প্রশ্ন সমাধানে এসব বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই এগুলোও রিভিশনের তালিকায় রাখুন।
ইংরেজি সাহিত্য
অনেক পরীক্ষার্থীর কাছেই ইংরেজি সাহিত্য কঠিন মনে হয়। তবে কৌশলী প্রস্তুতি নিলে এখান থেকেও ভালো নম্বর পাওয়া সম্ভব। প্রথমেই বিগত বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আসা সাহিত্য অংশের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিন।
ইংরেজি সাহিত্যের যুগভিত্তিক বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। বিশেষ করে Elizabethan, Romantic, Victorian এবং Modern Age থেকে তুলনামূলক বেশি প্রশ্ন আসে। তাই এসব যুগের প্রধান সাহিত্যিক ও তাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ভালোভাবে পড়ে নিন।
উইলিয়াম শেকসপিয়রের নাটক, ট্র্যাজেডি, কমেডি, গুরুত্বপূর্ণ চরিত্র ও বিখ্যাত উক্তিগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়বেন। প্রায় প্রতিটি বিসিএসেই তাঁর সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে।
এ ছাড়া Literary Terms, বিখ্যাত লেখকদের ছদ্মনাম, উপাধি, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, বিভিন্ন সাহিত্য পুরস্কার, বিভিন্ন দেশের জাতীয় কবি এবং সাহিত্যিকদের দেশ-পরিচয় সম্পর্কেও ধারণা রাখুন। এগুলো থেকেও নিয়মিত প্রশ্ন আসে।
নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস
শেষ মুহূর্তেও প্রতিদিন অন্তত তিন থেকে চারটি ইংরেজি সংবাদ পড়ার চেষ্টা করুন। বিশেষ করে সম্পাদকীয়, আন্তর্জাতিক, বাংলাদেশ এবং প্রথম পৃষ্ঠার গুরুত্বপূর্ণ খবর পড়লে ভাষার ওপর দক্ষতা বাড়ে। নতুন শব্দগুলো নোট করে নিয়মিত রিভিশন করুন। এতে Reading Comprehension, Translation এবং Composition– সব ক্ষেত্রেই সুবিধা হবে। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কেও ধারণা তৈরি হবে, যা অন্যান্য বিষয়েও কাজে লাগবে।
শব্দভান্ডার সমৃদ্ধ করুন
ইংরেজিতে ভালো করতে হলে সমৃদ্ধ শব্দভান্ডারের বিকল্প নেই। প্রতিদিন অন্তত ১০টি নতুন শব্দ শেখার চেষ্টা করুন এবং প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করুন। শুধু অর্থ মুখস্থ না করে ব্যবহার শিখলে শব্দ দীর্ঘদিন মনে থাকে। শক্তিশালী Vocabulary থাকলে অনুচ্ছেদ বোঝা, অনুবাদ করা এবং ব্যাকরণভিত্তিক প্রশ্ন সমাধান করা অনেক সহজ হয়ে যায়।
পরীক্ষার আর খুব বেশি সময় বাকি নেই। তাই নতুন বইয়ের পেছনে সময় নষ্ট না করে সিলেবাসভিত্তিক রিভিশন, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং নিয়মিত মডেল টেস্ট দেওয়ার ওপর গুরুত্ব দিন। আত্মবিশ্বাস ধরে রাখুন, সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিত অনুশীলন চালিয়ে যান। পরিকল্পিত প্রস্তুতিই আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে।
[লেখক: বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা]
- বিষয় :
- বিসিএস
