ক্যাম্পাস সংবাদ
পুরস্কার হাতে অনিন্দ্য জীৎ বসাক (সর্ব ডানে)
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১১:০৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১১:০৬
উদয়নের শিক্ষার্থীর ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল মুন-এ ‘বেস্ট ডেলিগেট’ পুরস্কার অর্জন
রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী অনিন্দ্য জীৎ বসাক আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তিনি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এমইউএন ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতা করে সর্বোচ্চ ব্যক্তিগত সম্মাননা ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।
কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক বিষয়াবলির গভীর অনুধাবন, যুক্তিনির্ভর উপস্থাপনা, নেতৃত্বগুণ এবং অসাধারণ বক্তৃতা নৈপুণ্যের মাধ্যমে তিনি এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন। এটি তার ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল মাইলফলক। এই অর্জনের মধ্য দিয়ে অনিন্দ্য জীৎ বসাক টানা পাঁচটি মডেল ইউনাইটেড নেশনস (এমইউএন) সম্মেলনে ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ অর্জনের বিরল কৃতিত্ব গড়েছেন। এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের চারটি এমইউএন সম্মেলনে এবং আন্তর্জাতিক পর্যায়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত একটি এমইউএন সম্মেলনে তিনি এই সর্বোচ্চ সম্মাননা লাভ করেন।
রাবি গবেষণা সংসদের সভাপতি আশিকুর রহমান, সম্পাদক আল-আমিন
রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (আরইউআরএস) চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আল-আমিন ইসলাম দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন– সহসভাপতি (গবেষণা) আশরাফ পারভেজ, সহসভাপতি (প্রশাসন) হাছনা শাম্মা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সিয়াম ও মো. আনসারুল হক সায়েম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার সিয়াম, সহকারী কোষাধ্যক্ষ সামিহা হোসেন।
এ ছাড়া, ডেপুটি রিসার্চ ডিরেক্টর (নন-স্টেম) সাকিব সোহাগ, অফিস সম্পাদক আরমিন জাহান আভা, সহকারী অফিস সম্পাদক আতিফ সারমিলা, সাংগঠনিক সম্পাদক (এক্সটার্নাল) রাগীব মোহাম্মদ আলতাফিন, সাংগঠনিক সম্পাদক (রিসার্চ) মুজাহিদুল ইসলাম সাঈম, সাংগঠনিক সম্পাদক (ইন্টার্নাল) সামাইরা সামান্তা প্রজ্ঞা দায়িত্ব পেয়েছেন।
