ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রোবকাপ রেসকিউ লিগ

ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য

ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য
×

প্রথমবারের অংশগ্রহণেই দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে

শাকিল ইমতিয়াজ

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৩:০০

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিক্সের (সিএআইআর) অধীনে পরিচালিত ইউআইইউ রেসকিউ রোভার টিম (ইউআরআরটি) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবকাপ রেসকিউ লিগ ২০২৬-এ প্রথমবার অংশগ্রহণ করেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতাটি  গত ২ থেকে ৬ জুলাই  কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্ক (আইটিপি) আয়োজনে দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত হয়। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবটিক্স দল, খ্যাতনামা গবেষণাগার এবং শিল্প খাতের রোবটিক্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউ রেসকিউ রোভার টিম দক্ষতার পরিচয় দিয়েছে।

প্রথমবারের অংশগ্রহণেই দলটি একাধিক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নবাগত ৯টি দলের মধ্যে বিশ্বব্যাপী ৩য় স্থান, ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম স্থান এবং অংশগ্রহণকারী ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে সামগ্রিকভাবে ১৫তম স্থান। এবারের প্রতিযোগিতায় জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, মেক্সিকো, চীন, থাইল্যান্ড, কলম্বিয়া, উরুগুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য দল অংশগ্রহণ করে। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ইউআইইউ দল তাদের প্রযুক্তিগত সক্ষমতাকে বৈশ্বিক মানদণ্ডে মূল্যায়নের সুযোগ পায়। এ ছাড়া বিশ্বের খ্যাতনামা গবেষক, প্রকৌশলী এবং শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উন্নত রেসকিউ রোবটিক্স প্রযুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। দলের এই সাফল্যে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত হয়েছে। ইউআইইউ রেসকিউ রোভার টিমের সদস্য নাজমুল হাসান আথিন প্রতিযোগিতার প্লেনারি রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সম্মান লাভ করেন। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবটিক্স গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে বিচারক হিসেবে কাজ করার এই সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে দলটির 
কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসাবে কাজ করে। 

দলের সদস্যরা জানান, তাদের মূল লক্ষ্য কেবল প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন নয়, বরং বিশ্বের সেরা রেসকিউ রোবটিক্স বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিকে যাচাই করা এবং ভবিষ্যৎ প্রজন্মের আরও উন্নত ও বুদ্ধিমান রেসকিউ রোবট তৈরির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করা। 

আরও পড়ুন

×