ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

 ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ২০:০৯

বিইউএফটিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মরণসভা  

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ১৬ জুলাই তারিখে বিশ্ববিদ্যালয়য়ের মাল্টিপারপাস হলে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে জুলাই ২০২৪ এর আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শহীদ সেলিম তালুকদারের আত্মত্যাগের প্রতি বিশেষ সম্মান জানানো হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) ও শহীদ সেলিম তালুকদারকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত বক্তব্য প্রদান করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলী, এমপি।  এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সেলিম তালুকদারের পিতা মো. সুলতান তালুকদার এবং বিইউএফটির প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ ফান্তাসির। পরে জুলাই ২০২৪ এর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ সেলিম তালুকদারের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অতিথিদের মাঝে সৌহার্দ্যের প্রতীক হিসেবে গাছের চারা উপহার দেওয়া হয়।

 

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ২০২৬-এ  ১০৪ মেধাবী তরুণীর যাত্রা শুরু

 

 

শেভরন বাংলাদেশের সহযোগিতায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন  আজ চট্টগ্রামে অবস্থিত তাদের ক্যাম্পাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ২০২৬-এর উদ্বোধন করেছে। চার সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১০৪ জন ছাত্রী অংশগ্রহণ করছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে তাদের আগ্রহ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
২০১৯ সাল থেকে শেভরন বাংলাদেশ AUW-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তরুণীদের জন্য মানসম্মত STEM শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে আসছে। ২০২৫ সাল পর্যন্ত এ কর্মসূচিতে ৩৮০ জনেরও বেশি তরুণী সফলভাবে অংশগ্রহণ ও সম্পন্ন করেছেন।
AUW ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্দেশ্যে হাতে-কলমে ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ প্রদান করে। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা এবং পেশাগত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
এ বছরের ব্যাচের ১০৪ জন শিক্ষার্থীকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত করা হয়েছে। তারা গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্যবিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষকরা এই কোর্সগুলো পরিচালনা করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক এম ওয়াকার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনে STEM শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
এরিক এম ওয়াকার বলেন, STEM-এর ভবিষ্যৎ দূরে কোথাও নয়; STEM-এর ভবিষ্যৎ এই কক্ষেই উপস্থিত। তরুণীরা যখন বড় স্বপ্ন দেখতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ অনুসরণ করতে উৎসাহ পায়, তখন তাদের অর্জনের সম্ভাবনার কোনো সীমা থাকে না।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির। এ ছাড়া শেভরনের পক্ষে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান এ কে এম আরিফ আক্তার, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিট উপদেষ্টা আলি আশরাফ চৌধুরী, ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এম এ রকিব এবং সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. রাশেদুল আলম।
AUW-এর পক্ষে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অন্তর্বর্তী উপাচার্য ড. সঙ্গীতা রায়মাঝি, অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ সেন্টারের পরিচালক ড. হাসিনা খান এবং AUW ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের পরিচালক ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী। তারা শিক্ষার্থীদের স্বাগত জানান। অনুষ্ঠানটি সমন্বয় করেন ফাতেমা মেহজাবিন, স্বর্ণা বিশ্বাস ইতি এবং আবেদা সুলতানা।

 

 

 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন


কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই সেন্টার চালু করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সাইদা শিনইচি। রাষ্ট্রদূত বলেন, বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু সময়োপযোগী উদ্যোগ। বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘ যে বন্ধন রয়েছে এ ধরনের কাজের মাধ্যমে তা আরও দৃঢ় করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন  অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব হেদায়তুল ইসলাম।  অনুষ্ঠানের শুরুতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বিশিষ্ট অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নতুন এই ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার একাডেমিক ও সাংস্কৃতিক আদান-প্রদানের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

×