ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চালকদের সচেতন করতে প্রশিক্ষণ দিল ‘পাথওয়ে’

চালকদের সচেতন করতে প্রশিক্ষণ দিল ‘পাথওয়ে’
×

সড়ক পরিবহন আইন সম্পর্কে চালকদের সচেতন করতে পাথওয়ের প্রশিক্ষণ-সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৬:৫২

সড়ক পরিবহন আইন সম্পর্কে চালকদের সচেতন করতে কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পাথওয়ে। সড়কে যানবাহন চালনা ও পথচারী নিরাপত্তা সম্পর্কে রিকশা, মোটরসাইকেল ও রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে চলা প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজসহ আরও অনেকে।

সাইমন সাদি বলেন, ‘শুধু নিজের জীবন নয় পরিবারের কথা ভেবে হলেও দক্ষতার সঙ্গে গাড়ি চালাতে হবে। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। পথচারীদের ফুটপাথ ব্যবহারের অনুরোধ জানান তিনি।’

সাইফুন নেওয়াজ বলেন, ‘দুর্ঘটনা তখনই বেশি ঘটে যখন সড়কে যানবাহন কম থাকে বা তুলনামূলক ফাঁকা থাকে। কারণ কে আগে বা পরে যাবে, সে সম্পর্কে না জেনে যানবাহনের গতি বাড়িয়ে দিয়ে ঝুঁকি তৈরি করে।’

বাংলাদেশ ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের মহাপরিচালক মিজানুর রহমান বলেন, সিটি করপোরেশন মাত্র ২৭ হাজার ৭৯৩ রিকশা ও দুই হাজার ভ্যানের লাইসেন্স দিয়েছে। কিন্তু বাস্তবে রাজধানীতে কয়েক লাখ অযান্ত্রিক যান চলছে। এসব যানের চালকদের ট্রাফিক নিয়ম সম্পর্কে কোনো প্রশিক্ষণ নেই।

পাথওয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন বলেন, মোটরসাইকেল এবং রাইড শেয়ারিংয়ের চালকদেরও প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। ফলে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। নসিমন, করিমন, ইজি বাইকসহ বিভিন্ন ধরনের ছােট এবং মাঝারি যানবাহনের চালকরা সঠিকভাবে সড়ক ব্যবহার করেন না। তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হবে। 

আরও পড়ুন

×