নৌকার প্রার্থীদের সমর্থন পরিবহন নেতাদের
আতিকুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ০৬:৫৩
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের সমর্থন জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। শনিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে মালিক শ্রমিকদের সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাকা উত্তর সিটিতে নৌকার প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটিতে ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে পরিবহন মালিক শ্রমিকরা ভোটের প্রচারে নামবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। এলাকাভিত্তিক কমিটি করে আওয়ামী লীগের পক্ষে ভোটের প্রচারে নামতে শ্রমিকদের নির্দেশ দেন পরিবহন নেতারা।
ঢাকা মহানগর মালিক সমিতির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ঢাকার চারটি টার্মিনালের চার হাজার মালিক-শ্রমিক সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। উপস্থিত ছিলেন সাদিকুর রহমান, আবুল কালামসহ জেষ্ঠ্য পরিবহন নেতারা।
