ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কড়াইল বস্তিতে তারকাদের নিয়ে ভোট চাইলেন আতিকুলের স্ত্রী

কড়াইল বস্তিতে তারকাদের নিয়ে ভোট চাইলেন আতিকুলের স্ত্রী
×

মহাখালীর কড়াইল বস্তি এলাকায় কয়েকজন অভিনেত্রীকে সঙ্গে নিয়ে নৌকার পক্ষে ভোট চান মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সহধর্মিণী ডা. শায়লা শাগুফতা ইসলাম-সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ১১:৩৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সহধর্মিণী ডা. শায়লা শাগুফতা ইসলাম নৌকার পক্ষে জনসংযোগ করেছেন। 

শনিবার দুপুরে মহাখালীর কড়াইল বস্তি এলাকায় কয়েকজন অভিনেত্রীকে সঙ্গে নিয়ে নৌকার পক্ষে ভোট চান তিনি। 

এ সময় অভিনেত্রী শমী কায়সার, তানভিন সুইটি, অভিনেতা মাজনুন মিজানসহ সাংস্কৃতিক কর্মী ও মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরাও অংশ নেন। তারা কড়াইল বস্তির ঘরে ঘরে গিয়ে নৌকার লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার জন্য আতিকুল ইসলামকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে ডা. শায়লা শাগুফতা ইসলাম বলেন, 'আমরা যেখানেই যাচ্ছি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা ভোটারদের কাছে বলছি- একটি সুস্থ, সচল, সুন্দর ঢাকা গড়তে নৌকায় ভোট দিন। যেখানেই যাচ্ছি মানুষের সাড়া পাচ্ছি।'

অভিনেত্রী শমী কায়সার ও তানভিন সুইটি বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, নৌকার পক্ষে মানুষের কাছে যাচ্ছি। মানুষের ভালোবাসা পাচ্ছি। নৌকার প্রার্থী আতিকুল ইসলাম একজন পরিচ্ছন্ন ও উদ্যমী মানুষ। তিনি নির্বাচিত হলে সুস্থ-সচল ঢাকা গড়বেন।

তারা বস্তিবাসীর হাতে নৌকার লিফলেট তুলে দিয়ে বলেন, আপনারা ১ ফেব্রুয়ারি সকাল সকাল ভোটকেন্দ্রে আসবেন। বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, আতিকুল ইসলামের নৌকা প্রতীকে ভোট দেবেন। এ বস্তির উন্নয়নে আতিকুল ইসলামের নিজস্ব ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×