আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না: ইশরাক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০১:১৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০৫:১০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যদি নির্বাচন কমিশন নূন্যতম সুষ্ঠু ভোট দিতে সক্ষম হয় তবে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
রোববার সকালে শান্তিনগর এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে ইশরাক হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় পোস্টার লাগাতে বাধা দেওয়া ও ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশন ও থানা-পুলিশকে অবহিত করেও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ তার।
তিনি বলেন, পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় তাই করবো।
তিনি বলেন, বিএনপির প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে বারবার অবহিত করলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
