পররাষ্ট্রমন্ত্রীর ‘পিঠা কূটনীতি’
পিঠা-কূটনীতি-আড্ডার অতিথি ঢাকায় যুক্তরাষ্ট্রের মিশন প্রধান যোয়ানে ওয়াগনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি: এনআরবি নিউজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:১৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৭
ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সরকারি বাসভবনে গত শনিবার যেন বিদেশি কূটনীতিকদের মেলা বসেছিল। পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ওইদিন তার বাসায় জড়ো হয়েছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কাতার, নেপাল, সউদি আরব, ইরাক, শ্রীলংকা, সংযুক্ত আরব আমিরাত, ভারত প্রভৃতি দেশের রাষ্ট্রদূত অথবা উপ-রাষ্ট্রদূতরা। তাদের শীতকালীন পিঠাসহ বিভিন্ন ধরনের খাবার দিয়ে আপ্যায়ন করেন ড. মোমেন।
বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনও এ আয়োজনে হাজির ছিলেন। ছিলেন লেখক-সাংবাদিক-শিক্ষকরাও। বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের কূটনীতিকরা এ সময় শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলার উচ্ছ্বসিত প্রশংসা করেন। উন্নয়নের সঙ্গে সর্বস্তরের মানুষকে একীভূত করার ক্ষেত্রে শেখ হাসিনার অবিশ্বাস্য নেতৃত্বগুণের প্রশংসাও করেন তারা। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে চলমান কূটনৈতিক তৎপরতা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন কূটনীতিকরা। তারা বলেন, দিন যত বাড়ছে এ সমস্যা তত প্রকট হচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে আরো হুমকির মুখে ঠেলে দিতে পারে। খবর এনআরবি নিউজের
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া আয়োজনে আগতদের স্বাগত জানান ড. মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন। চলতি পথেই ভাপা পিঠা তৈরির দৃশ্যপট অবলোকন করেন সবাই। পাশেই সাজানো ছিল নানা রকমের পিঠার টেবিল। ছিল নানান ধরনের মিষ্টি। পছন্দের খাবার প্লেটে নিয়ে কেউ দাঁড়িয়ে, আবার কেউ নির্দিষ্ট আসনে বসে খোশগল্পে মেতে ওঠেন। সবকিছুকে ছাপিয়ে যান চীনা দূতাবাসের শীর্ষ এক কূটনীতিক। পরিচয় পর্বের শুরুতেই তিনি জানান, গত ৭/৮ মাসে তিনি চীনে যাননি। তাই করোনাভাইরাসের শঙ্কায় তিনি নেই।
কূটনীতিকদের আলাপচারিতায় রোহিঙ্গা ইস্যুর সর্বশেষ পরিস্থিতিও বাদ যায়নি। রাজধানীর যানজট দূরীকরণে উড়াল ট্রেন, পাতাল ট্রেনের কার্যক্রম নিয়েও কথা বলেন তারা। কূটনীতিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন।
আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন মার্কিন আইটি সেক্টরে উদ্যমী বাংলাদেশিদের উচ্চ বেতনে চাকরির উপযোগী কোর্স প্রদানে ইতিমধ্যেই ব্যাপক খ্যাতি অর্জনকারী ‘পিপলএনটেক’র প্রতিষ্ঠাতা-সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, অধ্যাপিক আরিফা রহমান রুমা ও আমেরিকাভিত্তিক সংবাদসংস্থা এনআরবি নিউজের সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
কূটনীতিকদের সঙ্গে সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
- বিষয় :
- পিঠা কূটনীতি
- রোহিঙ্গা সংকট
- রোহিঙ্গা ইস্যু
