ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেকি করে চুরি করত তারা

রেকি করে চুরি করত তারা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ০২:২৯

রাজধানীর বিভিন্ন আবাসিক ভবন ও মার্কেটে প্রথমে রেকি করত তারা। এরপর সময়-সুযোগ বুঝে গ্রিল কেটে ও তালা ভেঙে ঢুকে সব লুটে নিত। গত দুই বছরে বিভিন্ন এলাকায় এমন শতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে চক্রটি। সম্প্রতি লালবাগের তিনটি ভবন থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনায় তদন্তে নেমে এই চক্র শনাক্ত করে পুলিশ। এরপর গত শনিবার সাতজনকে গ্রেপ্তার করা হয়।

রোববার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো– আরিফুল ইসলাম ওরফে সুমন, সঞ্জীব, হেলাল উদ্দিন, রনি, রিপন, তরিকুল ইসলাম ও শামীম। তাদের কাছ থেকে ৪৮টি ল্যাপটপ, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৬ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার জাফর হোসেন বলেন, সাধারণত যেসব ভবনে নিরাপত্তাকর্মী থাকে না, সেসব ভবনে চুরি করত তারা। চুরি হওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে চক্রের সাতজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটি দোকানে তারা চোরাই ল্যাপটপ বিক্রি করত। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

×