ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনার চিকিৎসাসামগ্রীর অবৈধ মজুদ, গ্রেপ্তার ৪

করোনার চিকিৎসাসামগ্রীর অবৈধ মজুদ, গ্রেপ্তার ৪
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০৮:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুদ করায় টেস্টিং কিটসহ করোনা চিকিৎসার বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামটরের একটি ভবনে অবস্থিত এবিসি করপোরেশন নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলো আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ। প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, নয় হাজার ৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন-৯৫ মাস্ক, ১৯৮ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), ৯৬০ জোড়া গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, এক হাজার ৪৪০ টি শু-কাভার জব্দ করা হয়।

গ্রেপ্তার চারজন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, তারা এসব সামগ্রী আমদানি করে বিক্রির জন্য রেখেছিলেন।

অবশ্য পুলিশের রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার এসএম শামীম জানান, বৃহস্পতিবার রাতে তিনি টিম নিয়ে মগবাজার মোড়ে চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। ওই সময় এক ব্যক্তি অভিযোগ করেন, বাংলামটরের এক ব্যবসায়ী তার কাছে ২০ প্যাকেট মাস্কের দাম ৩০ হাজার টাকা রেখেছে। যদিও এগুলোর বাজারদর তিন হাজার ৬০০ টাকার বেশি নয়। অভিযোগ আমলে নিয়ে তিনি বাংলামটরের জোহরা টাওয়ারে অবস্থিত এবিসি করপোরেশনে অভিযান শুরু করেন। তিনি বলেন, জব্দ করা সামগ্রীর মধ্যে করোনা টেস্টিং কিট রয়েছে, যা খোলাবাজারে থাকার কথা নয়।

অভিযানে অংশ নেওয়া রমনা জোনের সহকারী কমিশনার (প্যাট্রল) জাবেদ ইকবাল বলেন, 'এ সংকটের সময়েও গ্রেপ্তাররা বেশি মুনাফার লোভে অতি জরুরি এসব পণ্যের অবৈধ মজুদ করেছিল।'

শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।


আরও পড়ুন

×