ত্রাণ নিয়ে অনিয়মে জড়িতদের ছাড় নেই: স্থানীয় সরকার মন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৪:২০ | আপডেট: ২১ এপ্রিল ২০২০ | ০৫:৫৩
করোনাভাইরাস সংক্রমণের এই বৈশ্বিক মহামারিতে যারা গরীব জনগোষ্ঠীর জন্য দেওয়া ত্রাণসামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাৎ করবে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরীব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বণ্টন করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী বিতরণকালে যদি কোন অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নয়ছয় করা হলে কোন ধরনের অনুকম্পা তারা পাবেন না।
তাজুল ইসলাম বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাৎ এর সঙ্গে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতিমধ্যে আমরা বহিষ্কার করেছি, তবে শুধু বহিষ্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজধানীর চারপাশে দিয়ে বয়ে যাওয়া খালগুলো বর্ষার আগে আগে পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। করোনার বিস্তারের এ পরিস্থিতিতে পানি নিস্কাশন ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য আমরা খালগুলো পরিষ্কার করার উপর জোর দিয়েছি।
খাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তারা।
