বিশাল জামাত নিয়ে জুমা আদায় করলেন সাদপন্থিরা
বড় জমায়েত নিয়ে কাকরাইলে জুমা আদায় করলেন সাদপন্থিরা। ছবি-সাজ্জাদ নয়ন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১৪:১৬
কাকরাইলের মারকাজ মসজিদে বিশাল জামাত নিয়ে জুমার নামাজ আদায় করেছেন তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থিরা। জুমার নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর ১২টা ১০ মিনিটে নামাজ শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয়।
শুক্রবার দুপুর ১২টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে, রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়।
তবে আগে থেকেই তাবলীগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সাদপন্থিরা শুক্রবার সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেবেন বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন। সেই মোতাবেক আজ সকাল ৮টার দিকে তারা মসজিদে প্রবেশ করেছেন। এদিন ভোর থেকে কাকরাইল মসজিদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল বাড়তি পুলিশ।
তাবলীগের জামাতের দুই পক্ষের বিরোধের পর থেকে মারকাজ মসজিদের নিয়ম ছিল ১৪ দিন থাকবেন সাদপন্থিরা আর ২৮ দিন থাকবেন জুবায়েরপন্থিরা।
জানা যায়, দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয় ২০১৭ সালের নভেম্বর। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে জুবায়েরপন্থিরা ৪ সপ্তাহ ও সাদপন্থিরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে মসজিদের অপর অংশ জুবায়েরপন্থিরা ১২ মাসই নিজেদের দখলে রাখেন। সাদপন্থিদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময়ে হেফাজত সমর্থিত জুবায়েরপন্থিরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ দিনে দিনে তীব্র হচ্ছে।
গত ৪ নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ৫৮তম বিশ্ব ইজতেমা দুই দফায় আয়োজিত হবে। প্রথম দফার ইজতেমা শুরু হবে আগামী ৩১ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় শুরু হবে ৭ ফেব্রুয়ারি। তবে ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে মাওলানা জুবায়ের অনুসারীরা বলেন, দেশে ইজতেমা একবারই হবে, দু’বার নয়। টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে দিল্লির মাওলানা সাদের অনুসারীদের আর ঢুকতে দেওয়া হবে না। অন্যদিকে ৯ নভেম্বর এক ভিডিও বার্তায় সাদপন্থি ইমাম মুফতি আজিমুদ্দিন আগামী শুক্রবার কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান। এরপর গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জুবায়েরপন্থিরা বলেন, মাওলানা সাদের অনুসারীদের মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না।
- বিষয় :
- জুমার নামাজ
- কাকরাইল মসজিদ
