ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

ভুয়া ডাক্তারসহ ৯ জনের জেল-জরিমানা

ভয় দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয় চক্র

ভয় দেখিয়ে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয় চক্র
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০ | ০৯:০৮

জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে সুচিকিৎসা হয় না, ডাক্তার থাকেন না, রোগী করোনায় মারা যায়- এমন ভয় দেখিয়ে রোগীদের ভাগিয়ে নিয়ে যাচ্ছিল একটি চক্র। পরে তাদের নামসর্বস্ব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করে চিকিৎসার নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে এই চক্রের ৯ জনকে জেল-জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

র‌্যাব-২ এর পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, অভিযানে সেবিকা হাসপাতালের পরিচালক এবং ওটি ইনচার্জ ভুয়া ডাক্তার সাইফুল ইসলামকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিম্নমানের সেবা প্রদান এবং নিয়মিত ডাক্তার না থাকায় হাসপাতালের মালিক সাখাওয়াত হোসেনকে চার লাখ টাকা ও ম্যানেজার মহিবুল্লাহকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া দালাল চক্রের ছয় সদস্য- রেজাউল করিম, মানিক মিয়া, বিল্লাল হোসেন, কল্পনা আক্তার, মর্জিনা বেগম ও আজিরন বেগমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

র‌্যাব সূত্র জানায়, আগাঁরগাও ও শ্যামলী এলাকার পঙ্গু হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট, শিশু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে এই দালাল চক্রের প্রায় ৫০০ সদস্য সক্রিয় রয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স ও অ্যাম্বুলেন্সসহ প্রতিটি স্তরে তাদের দাপট রয়েছে। তারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নিরীহ রোগীদের হাসপাতালে ভর্তি হতে বাধা সৃষ্টি করে। হাসপাতালে রোগীর হাত-পা কেটে ফেলে, পঙ্গু হয়ে যায় এসব ভুয়া তথ্য ছড়িয়ে চিকিৎসা নিতে যাওয়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এভাবে তারা রোগীদের ভাগিয়ে নিয়ে আশেপাশের বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। বিনিময়ে ৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত কমিশন পায়।

আরও পড়ুন

×