করোনা আক্রান্ত ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটসহ দুই বিচারক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৬:৫৮
ঢাকার আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম সজীবসহ দুইজন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যজন হলেন- একই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান।
শুক্রবার সমকালকে এতথ্য জানিয়েছেন একই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনোয়ারুল কবীর বাবুল।
এপিপি বাবুল বলেন, সোমবার ঢাকার আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সব বিচারকের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল আসে। এর মধ্যে মাসফিকুল ইসলাম সজীব ও রাজীব হাসানের করোনা পজিটিভ আসে। দুই বিচারক নিজ-নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিন আদালতে বিচারক সংশ্লিষ্ঠরা আক্রান্ত হচ্ছেন বলেও জানান তিনি।
এরআগে ঢাকার আরও তিনজন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এরা হলেন- ঢাকার স্পেশাল জজ শামীম আহমেদ, মহানগর হাকিম রেজমিন সুলতানা ও সিনিয়র সহকারি জজ তসররুজ্জামান। এছাড়া ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের পেশকার হাবিব শেখ আক্রান্ত হয়েছেন। ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি শহীদ হোসেন ঢালী ও তার ছেলে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আইমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এপর্যন্ত সারাদেশের নিম্ন আদালতের ২৬ জন বিচারক, সুপ্রিমকোর্ট প্রশাসনের ২৬ জন এবং নিম্ন আদালতের ৭১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- আদালত