তেজগাঁও শিল্পাঞ্চলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২২:৪০ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ২২:৪৫
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নওরীন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বেগুনবাড়ীতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে।
শিশু নওরীনের বাবা নাজিম মিয়া পেশায় ভ্যানচালক। তাদের গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর এলাকায়। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
নওরীনের বাবা জানান, বেগুনবাড়ী এলাকায় পরিবার মিলে থাকত তারা। বিকেল ৫টার দিকে তিনি বাসা থেকে বের হওয়ার সময় মেয়ে তাঁর সঙ্গে যাওয়ার জন্য বায়না করে। তখন তিনি মেয়ে, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে হাঁটতে বের হন। মেয়ে তাঁর সঙ্গে এবং ছেলেরা মায়ের সঙ্গে হাঁটছিল। হঠাৎ নওরীন তার মায়ের কাছে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। তখনই দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নওরীন মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- নিহত
- অটোরিকশাচাপা