ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২০ | ১২:০৩ | আপডেট: ১৫ জুলাই ২০২০ | ১২:১৪

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে সজিব (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে এলাকার কিশোর-তরুণদের মধ্যে কে বড় কে ছোট (সিনিয়র-জুনিয়র) তা নির্ধারণ নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত তরুণ নিউ মার্কেটর এলাকার একটি দোকানের কর্মচারী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সজিবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তদন্তে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকার ছয় নম্বর গলিতে রাত পৌনে ৯টার দিকে স্থানীয় কয়েকজন সজিবকে এলোপাতারি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১০টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরুণের দূর সম্পর্কের চাচা সোহেল হাসপাতালে জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে বড় ছিলেন সজিব। তার গ্রামের বাড়ি ভোলার বোরহান উদ্দিন উপজেলার জয়াগ্রাম এলাকায়। তবে তিনি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকার আট নম্বর গলিতে থাকতেন। তার বাবার নাম রুহল আমিন। তবে হত্যার কারণ সম্পর্কে স্বজনরা নিশ্চিত হতে পারেননি।

আরও পড়ুন

×