ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ঈদের আগে নির্বিঘ্নে হকারি করার সুযোগ চায় হকার্স ইউনিয়ন

ঈদের আগে নির্বিঘ্নে হকারি করার সুযোগ চায় হকার্স ইউনিয়ন
×

কর্মসূচি পালনকালে বাংলাদেশ হকার্স ইউনিয়ন নেতারা- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৬:২৯

ঈদের আগে হকারদের নিরাপদে ও নির্বিঘ্নে হকারি করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। নেতারা বলেছেন, করোনা মহামারিতে দীর্ঘ তিনমাস লকডাউন থাকার কারণে হকাররা কর্ম হারিয়ে সহায়-সম্বল সবই শেষ করে ফেলেছেন। সামনে ঈদুল আযহা। করোনার কঠিন বাস্তবতা থেকে উত্তরণের জন্য হকারদের সামনে ১০ দিন রয়েছে। এই ১০ দিন তারা নিরাপদে নির্বিঘ্নে হকারি করতে পারলে পরিবার-পরিজন নিয়ে দু’মুঠো খেয়েপরে বাঁচার চেষ্টা করতে পারবেন। এই মানবিক দিক বিবেচনা করে ঈদ পর্যন্ত হকারদের ফুটপাতে বসার ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার হকার্স ইউনিয়নের উদ্যোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালনকালে নেতারা এসব কথা বলেন। এদিন কাকরাইলে অবস্থিত ডিসি অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যে বায়তুল মোকাররম লিংক রোড থেকে মিছিল শুরু করেন হকার্স ইউনিয়নের নেতাকর্মীরা। মিছিলটি জিপিও মোড়ে গেলে পুলিশ আটকে দেয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হকার্স ইউনিয়নের সহ-সভাপতি আবুল কামাল আজাদের সভাপতিত্বে সমাবেশে হকারদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ। বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য আফসার আলী, কেন্দ্রীয় নেতা আনিচুর রহমান পাটোয়ারী, শাহিনা আক্তার প্রমুখ।

সমাবেশ শেষে সেকেন্দার হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কাকরাইলের ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি অফিসে গিয়ে স্মারকলিপিটি হস্তান্তর করে।

আরও পড়ুন

×