ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের মানোন্নয়নে সরকারের প্রতি আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ০৯:১৬
ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসকদের মানোন্নয়ন, সংশ্লিষ্ট খাতে গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, ইউনানী-আয়ুর্বেদিক শিক্ষা বিজ্ঞানের উন্নয়ন ও সম্প্রসারণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং ইউনানী-আয়ুর্বেদিক ডিপ্লোমা ডিগ্রীধারী চিকিৎসকদের সরকারি চাকুরির নিশ্চয়তা প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইউনানী মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়ালতী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
গত ১৬ জুলাই বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশন, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনানী-আয়ুর্বেদিক ফ্যাকাল্টি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির যৌগ উদ্যোগে আয়োজিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসাপদ্ধতির সার্বিক মানোন্নয়ন, ইউনানী-আয়ুর্বেদ চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং কভিড-১৯ মহামারীতে ইউনানী-আয়ুর্বেদ চিকিৎসকদের অবদান ও মহামারি পরবর্তী করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় এ আহবান জানান তিনি।
রাজধানীর বাংলামটরে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আরো বলেন, বর্তমান কভিড-১৯ মহামারিতে প্রচলিত ওষুধের বাইরে ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ সর্বস্তরের মানুষের রোগমুক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এ প্রেক্ষাপটে ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ শিল্পকে এগিয়ে নিতে সরকারকে উদ্যোগী হতে হবে।
সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ইউনানী-আয়ুর্বেদিক ওষুধ শিল্পের মাধ্যমে জনগণের সেবাদানের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া দৃঢ়তার সঙ্গে বলেন, মানুষের কল্যাণে নিবেদিত থাকা ইউনানী-আয়ুর্বেদিক ডিপেতামা ডিগ্রীধারী চিকিৎসকদের সরকারি চাকুরির নিশ্চয়তা দিতে হবে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন করে এ চিকিৎসাখাতের শাস্ত্রীয় মানোন্নয়নে প্রতিষ্ঠা করতে হবে আধুনিক গবেষণা প্রতিষ্ঠান।
এসব দাবি আদায়ে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি অত্যন্ত জরুরী বলেও মন্তব্য করেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
তিনি বলেন, ইউনানী-আয়ুর্বেদিক ঐক্য পরিষদকে সুসংগঠিত করতে প্রত্যেকের নিজের অবস্থান থেকে সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে কাজ করতে হবে।
ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসাখাতকে এগিয়ে নিতে হামদর্দ সবসময় পাশে আছে জানিয়ে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া আরো বলেন, দিন যত যাবে ততই ইউনানী-আয়ুর্বেদিক শাস্ত্রের গুরুত্ব বাড়বে। এ চিকিৎসাপদ্ধতির উন্নয়নের লক্ষ্যকেই এখন প্রধান কাজ হিসেবে গ্রহণ করা উচিৎ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম আ. খ. মাহবুবুর রহমান সাকী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান, অ্যাসোসিয়েশনের ভাইস- চেয়ারম্যান হাকীম এম.এ. কালাম পাটোয়ারী, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি কবিরাজ মো: আব্দুর রব খান, আয়ুর্বেদিক মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ঢাকা মহানগর শাখার সভাপতি ডা. সালেহ মো. আব্দুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক