১ ও ২ ফেব্রুয়ারি টিএসসিতে জাতীয় কবিতা উৎসব
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ২২:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সুইমিংপুল চত্বরে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা।'
উৎসব উপলক্ষে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, দীর্ঘ সময়ের অন্ধকার দূর করে সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দিতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। কবিতাই সব বন্ধ্যাত্ব ঘুচিয়ে দেবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তিনি জানান, এবারের উৎসব শুধু কবিতা পাঠের মঞ্চ নয়, বরং সাংস্কৃতিক প্রতিরোধ ও মুক্তচিন্তার জাতীয় মঞ্চ হিসেবে উদযাপিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, পরিষদের প্রধান সমন্বয়ক মানব সুরত, উপদেষ্টা মতিন বৈরাগী, সহ-সভাপতি অনামিকা হক লিলি, শাহাবুদ্দীন নাগরী, এবিএম সোহেল রশিদ, গোলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়াসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।
পরিষদ জানায়, উৎসব উদ্বোধন করবেন মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দুই দিনব্যাপী উৎসবে কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত, নৃত্য, সেমিনার ও আলোচনা সভা থাকবে। এতে দেশ-বিদেশের কবি ও সাহিত্যিকরা অংশ নেবেন।
কবি হাসান হাফিজ বলেন, জাতীয় কবিতা পরিষদ সব সময় গণতন্ত্রের পক্ষে ও স্বৈরাচারের বিরুদ্ধে ছিল।
কবি মতিন বৈরাগী বলেন, শিল্প শুধু শিল্পের জন্য নয়, দেশের প্রয়োজনেও উচ্চারিত হওয়া প্রয়োজন।
কবি অনামিকা হক লিলি বলেন, কবিতার মর্মবাণী সহজে সবার কাছে পৌঁছে যায়।
উৎসবে অংশ নিতে কবিদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। টিএসসি সুইমিংপুল চত্বরে উৎসব দপ্তর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
- বিষয় :
- কবিতা উৎসব