সমাবেশে মিয়া গোলাম পরওয়ার
শেরপুর ও বগুড়ায় আওয়ামী লীগকে হার মানিয়েছে বিএনপি
শেরপুর-৩ আসনের জাতীয় নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়ম এবং ভোট ডাকাতির অভিযোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করে জামায়াতে ইসলামী। গতকাল শুক্রবার সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০৮:৪২
| প্রিন্ট সংস্করণ
শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট ও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির আমলের প্রথম নির্বাচনেই অনিয়মে আওয়ামী লীগকেও হার মানিয়েছে।
বগুড়া, শেরপুরে ভোট ডাকাতির অভিযোগে গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেছেন গোলাম পরওয়ার। ফল বাতিলের দাবি করে তিনি বলেন, বিএনপি আগের শাসনামলের মাগুরা মার্কা নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছে শেরপুর ও বগুড়ায়।
প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জাল ভোট, কেন্দ্র দখল, দাঁড়িপাল্লার প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার চিত্র প্রকাশ হওয়ার পরও সিইসি সুষ্ঠু নির্বাচনের দাবি করে জাতির সঙ্গে তামাশা করেছেন।
গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংস্কার না করায় বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপি বলেছে– গণভোট জয়যুক্ত হলে অক্ষরে অক্ষরে মানবে, কিন্তু সরকার গঠন করে তারা গণভোটের আদেশ অধ্যাদেশ বাতিল করছে! বিএনপির এ দ্বিচারিতা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং শহীদের রক্তের সঙ্গে চরম বেইমানি।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, সরকার যদি গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় মেনে না নেয়, তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সরকারের মন্ত্রী-এমপিদের সংসদে দাঁড়িয়ে বলতে হবে তারা ‘হ্যাঁ’ ভোট দেননি।
বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের বিপক্ষে গিয়ে হাসিনার তৈরি কালো আইন বহাল রাখতে কাজ করছে। জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় এবং মহানগর নেতারা। সমাবেশ শেষে উত্তর গেট থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়-বিজয়নগরে গিয়ে শেষ হয়।
‘গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি’
গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটই সর্বোচ্চ আইনি ভিত্তি বহন করে। যখন ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেয়, তখন তা অস্বীকারের সুযোগ নেই।
গতকাল জুমার নামাজের আগে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা মিলনায়তনে জামায়াতে ইসলামীর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের আলোকে জনগণের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন এবং সেই অভিপ্রায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি করছে।
- বিষয় :
- মিয়া গোলাম পরওয়ার
