বেঙ্গল পিস ফাউন্ডেশনের যাত্রা শুরু
বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য রক্ষায় চিত্রপ্রদর্শনী
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬ | ২২:৩৭
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উপলক্ষে ওয়াক ফর বায়োডাইভার্সিটি পদযাত্রা ও বাংলাদেশের অদেখা জীববৈচিত্র্য শিরোনামে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সঞ্জীব চৌধুরী চত্ত্বরে বেঙ্গল পিস ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সংগঠনটি। এই আয়োজনের সহ-আয়োজক ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
এদিন সকাল সাড়ে ৭টায় রমনা পার্ক থেকে বের হয়ে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত পদযাত্রা করেন সংঠনের সদস্যরা। পরে বিকেল ৪টা থেকে টিএসসিতে চারজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের ১০০টি ছবি নিয়ে চিত্রপ্রদর্শনী করা হয়।
এই আয়োজন উপস্থিত ছিলেন লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তিনি বলেন, এই যে বৈশ্বিক উষ্ণতা, এর মূলে রয়েছে পৃথিবীজুড়ে জীববৈচিত্রের ভয়াবহ সংকট। যত্রতত্র গাছ নিধন, পরিবেশের গুরুত্বপূর্ণ পশুপ্রাণী শিকার আমাদের ভয়ানক এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে।
শাকিল বলেন, বেঙ্গল পিস ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের আজকের এই আয়োজন জীববৈচিত্র রক্ষায় মানুষকে দারুণভাবে উৎসাহিত করবে।
বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাসফিকুল হাসান টনি বলেন, আমরা চেয়েছি পৃথিবীর মানুষকে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে। কিছু অসহিষ্ণু মানুষের কারণে গোটা দেশের জীববৈচিত্র হুমকির মুখে। সেই দায়বদ্ধতা থেকে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করেছি।
এই আয়োজনে গণমাধ্যমের প্রতিনিধি, আলোকচিত্রী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রদর্শনী
