পল্লবীতে শিশুহত্যা: পুলিশের হাতে ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১৬:৫৩
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুকে হত্যার ঘটনায় ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। আজ শনিবার দুপুরে তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব রিপোর্ট সংগ্রহ করেন।
মামলার তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, মামলার তদন্ত কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়া গেছে। অভিযোগপত্র তৈরির কাজ চলছে। রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
এদিকে, অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শিশুটির প্রতি মানবিক দায়বদ্ধতা ও অপরাধের ভয়াবহতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার হয়। ঘটনার পর জানালার গ্রিল ভেঙে মূল অভিযুক্ত সোহেল রানা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয় সোহেল রানাকে। গত বুধবার সোহেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সোহেল ও স্বপ্না বর্তমানে কারাগারে।
- বিষয় :
- রাজধানী
- ধর্ষণ
- ধর্ষণ মামলা
- শিশু হত্যা
- শিশু
