গুম হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী
‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ : দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৮:২৩ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৮:৫২
দেশে গুমবিরোধী আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আইনি সহায়তা ও নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আইনে স্পষ্ট বিধান থাকুক বা না থাকুক, মানবিক বিবেচনায় সরকার তাদের পাশে থাকবে।’ শনিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ : দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে বিচারাধীন মামলার জট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা ঝুলে রয়েছে। এর মধ্যে আপসযোগ্য প্রায় ৮০ শতাংশ মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। আগামী তিন মাসের মধ্যে সারা দেশে অন্তত ৫০ হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।’
উচ্চ আদালতে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। তবে এ সময় পেপার বুক বা মামলার বৃত্তান্ত প্রস্তুত করতে দীর্ঘ সময় লেগে যায়, যার কারণে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়।’
তিনি আরো বলেন, ‘এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। যদি আমরা কোনো ভুল পথে এগিয়ে যাই, তাহলে আপনারা আমাদের সমালোচনা করবেন, গাইড করবেন। এ বিষয়ে আমাদের কোনো কার্পণ্য থাকবে না।’
শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটি সামাজিক অবক্ষয়ের অংশ। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
আইনমন্ত্রী আরো বলেন, ‘আমরা সরকারি আইনগত সহায়তা কেন্দ্রকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমাদের লক্ষ্য-উদ্দেশ্য এক ও অভিন্ন। গরিব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। বৈষম্যবিরোধী আইন নিয়ে কোনো বৈষম্য থাকলে সেটাকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। আমরা সমান্তরালভাবে কাজ করতে চাই। সরকারি আইনি সহায়তা এই সংস্থাকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। জাতীয় পর্যায় থেকে জেলা ও তৃণমূল পর্যন্ত আইনি সহায়তা কার্যক্রম চালু রাখতে হবে। মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে আইন সংস্কার এবং প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।’
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এ কর্মশালার আয়োজন করে। আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মনজুরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইন সচিব মো. খাদেম উল কায়েস, লিগ্যাল এইডের উপ-পরিচালক মাসুদা ইয়াসমিন, সহকারী পরিচালক শাশ্বতী বিপ্লব প্রমুখ। এছাড়াও উম্মুক্ত আলোচনায় ব্র্যাক, আইন সালিশ কেন্দ্র, ব্লাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, ইউএনডিপিসহ জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
- বিষয় :
- সেমিনার
- আইনমন্ত্রী
