জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন: রিজভী
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৬:৩৭
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয়) ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় রাজনৈতিক নেতৃত্বের সংকটময় মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
শনিবার হাইকোর্টের সামনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ১৯৭১ সালের সেই সংকটময় সময়ে দেশের মানুষ স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ দলে দলে মুক্তিযুদ্ধে অংশ নেয়।
তিনি অভিযোগ করেন, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কারণে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন। তিনি বলেন, জিয়াউর রহমানের অবদানকে আড়াল করতে নানা অপপ্রচার চালানো হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে রাজনৈতিক অস্থিরতা ও সংকট তৈরি হয়। সেই পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জনগণ ও সেনাসদস্যদের সমর্থনে জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বে আসেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন।
তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং সব রাজনৈতিক দলের জন্য রাজনীতির সুযোগ সৃষ্টি করেন। তার শাসনামলে অর্থনৈতিক পুনর্গঠন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতি নতুন গতি পায়।
রিজভী আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাঁর নানা উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছে।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
