পল্লবীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৬ | ২০:১১
রাজধানীর পল্লবীতে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে মাদক কারবারিদের গুলিতে আরেক মাদক বিক্রেতা হৃদয় ওরফে গণ্ডার (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সেকশন ১২ এর ই ব্লকের ৬ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। হৃদয়কে গুলি করার পর তার সহযোগী আব্দুল্লাহকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হৃদয়ও মাদক বিক্রেতা। এ কারণে গুলিবিদ্ধ হওয়ার পর সে থানায় কোনো অভিযোগ করেনি এবং গোপনে কোনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার বাসা পল্লবী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি প্রাইভেটকার ৬ নম্বর সড়কের মাথায় থামে। গাড়ি থেকে ৩-৪ জন বের হয়। তারা হৃদয়কে গুলি করে এবং আব্দুল্লাহকে গাড়িতে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. শামিম জানান, মঙ্গলবার রাতে তিনি ৬ নম্বর সড়কে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে সড়কের মাথায় একটি প্রাইভেটকার থামে। এরপর শব্দ শুনতে পান তিনি। পরে দেখেন হৃদয় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে।
পল্লবী থানার ওসি হাসান বাসির সমকালকে জানান, মঙ্গলবার রাতে গুলির ঘটনা ঘটলেও ভুক্তভোগী বা তার পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। বুধবার বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়। যারা গুলি করেছে এবং যে গুলিবিদ্ধ হয়েছে সবাই একই গ্রুপের। তারা মাদক কেনাবেচা করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, হৃদয়ের সহযোগী আব্দুল্লাহকে প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এটি নিয়েও সন্দেহ রয়েছে। আব্দুল্লাহ হামলাকারীর পক্ষে কাজ করে থাকতে পারে। ফলে সে নিজেই ওই গাড়িতে চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
- বিষয় :
- গুলিবিদ্ধ
