ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেড় ঘণ্টা পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

দেড় ঘণ্টা পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক
×

আন্দোলনকারীরা সড়ক ছাড়ার পর শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৮:২৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৮:৩৭

শিক্ষা ভবনের সামনে দেড় ঘণ্টা অবরোধের পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সড়ক ত্যাগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সড়ক ছাড়ার পর শিক্ষা ভবন ও সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার বিকেল পৌনে ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছান। এসময় সেখানে তারা পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন।

শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আলোচনায় বসেননি। শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিও এসময় শিক্ষা মন্ত্রণালয়ে যাননি। পরে বিকেল সাড়ে ৫টায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সড়কের অবস্থান ছাড়েন। এসময় শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে অবস্থান করবেন বলে জানান।

শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা এই অবরোধ করেন।

‎এর আগে তিন দফা দাবিতে রাজধানীর উত্তরা, সায়েন্সল্যাব, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বেলা ৩টার দিকে সায়েন্সল্যাবে অবস্থানকারী শিক্ষার্থীরা সড়ক ছেড়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। শিক্ষার্থীরা সরে গেলে সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা দাবিতে গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজ বুধবার আবারও তারা উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মিরপুর-১০ গোলচত্বর এবং ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে। আন্দোলনের সময় তারা এসব দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করেন পরীক্ষার্থী। ওইদিন বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা রাজধানী সায়েন্সল্যাব মোড় সড়ক অবরোধ করেন। এতে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

×