ফরাসি মিডিয়া লিখল- ‘বিধ্বস্ত’, ‘স্বপ্নের সমাপ্তি’
ফ্রান্সের হতাশার পারফরম্যান্সে মাথায় হাত ভক্তদের। ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৮:৪৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৯:০৬
সেমিফাইনালের মঞ্চে স্বপ্নভঙ্গের পর ফরাসি সংবাদমাধ্যমে এখন কেবলই হতাশা, হাহাকার আর তীব্র সমালোচনা। ফ্রান্সের প্রথম সারির জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘লেকিপ’ প্রিন্ট সংস্করণে প্রধান শিরোনাম করেছে- ‘বিধ্বস্ত’। দৈনিকটির লেখক ভিনসেন্ট দুলুক তার কলামে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ফ্রান্সের এবারের বিশ্বকাপ অভিযান ‘কৌশলগত দেউলিয়াত্ব ও আবেগের চূড়ান্ত বিপর্যয়ের চেয়েও অনেক বেশি কিছু।’
এবারের ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে ২-০ গোলে পরাজয় সম্পর্কে তিনি আরও লেখেন, ‘ফরাসিদের এই ম্যাচ নিয়ে কোনো ওজর-আপত্তি করারও মুখ নেই। কারণ মাঠে তাদের খেলা দেখে মনে হয়েছে, খেলোয়াড়রা যেন নামেমাত্রই মাঠে উপস্থিত ছিলেন এবং এর মাধ্যমে তারা একটি স্বপ্নের সৌন্দর্যের সঙ্গে চরমভাবে প্রতারণা করেছেন।’
দুলুকের মতে, ফরাসি ফুটবলাররা যেমন ম্যাচে গতি আনতে পারেননি, তেমনই মাঠে তাদের কৌশলগত ভুলত্রুটিও ছিল চোখে পড়ার মতো। সবচেয়ে বড় কথা, খেলোয়াড়দের দেখে মনে হয়েছে, তারা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন।
গত কয়েক সপ্তাহ দেশের সমর্থকদের ভালোবাসায় যে দলটি সিক্ত হয়েছে, তাদের এমন আকস্মিক বিদায়ে অত্যন্ত ব্যথিত দেশটির প্রভাবশালী দৈনিক ‘ল্য মঁদ’-এর বিশেষ প্রতিনিধি আলেকজান্দ্রে লেমারি। তার পত্রিকা লিখেছে, ‘আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ার এই অভিজ্ঞতা যেমন আকস্মিক, তেমনই যন্ত্রণাদায়ক।’ টুর্নামেন্টে দলের দুর্দান্ত পারফরম্যান্সের কথা টেনে এটিকে ‘নিষ্ঠুর হতাশা’ ও দলের ‘সামগ্রিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে পত্রিকাটি।
উত্তর ফ্রান্সের আঞ্চলিক দৈনিক ‘লা ভোয়া দ্যু নর’-এর প্রতিনিধি লিখেছেন, ‘এই সেমিফাইনাল ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন ক্ষত হয়ে থাকবে। এটি ফরাসি ফুটবলের ইতিহাসে রয়ে যাবে দুঃস্বপ্ন হিসেবে।’
অন্যদিকে, ‘উয়েস্ত ফ্রঁস’ প্রথম পাতায় কিলিয়ান এমবাপ্পে হতাশায় মাথায় হাত দিয়ে বসে থাকা একটি বড় ছবির ওপর শিরোনাম করেছে- ‘স্বপ্নের সমাপ্তি’। আর ফরাসি সংবাদপত্র ‘লিবেরাসিওঁ’ পাতায় লিখেছে, ‘তারা অনেক, অনেক ওপর থেকে আছড়ে পড়েছে।’ সূত্র: দ্য গার্ডিয়ান
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬