ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যু
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৪:২৮
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকার একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগনি ৬ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। তারা হলেন- মো. শাহীন (২৪) ও হাফছা (৮)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ শুক্রবার সকাল ৬টায় শাহীনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যায় হাফছা।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শাহিনের শরীরের ৫০ ও হাফছার ৪০ শতাংশ পুড়ে যাওয়ায় শুরু থেকেই তারা সংকটাপন্ন ছিলেন। তাদের সারিয়ে তুলতে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবু তাদের বাঁচানো যায়নি। একই ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে ২১ জুলাই গ্যাস বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হন। সেদিন শাহিনের সহকর্মী মো. জসিম জানান, নতুন বাজার ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় থাকতেন দগ্ধরা। ভোরে হঠাৎ বিকট শব্দে গ্যাসের বিস্ফোরণ হয়। এতে বাসায় আগুন ধরে গেলে তিনজনই দগ্ধ হন। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।