বৈরিতার মধ্যেই ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নেতানিয়াহু
হোয়াইট হাউসে গত বছর ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
এএফপি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ২১:০৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী মঙ্গলবার সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এমন তথ্য জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর। ইরানের সঙ্গে যুদ্ধ পরিচালনা নিয়ে দুই নেতার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সাক্ষাৎ হতে যাচ্ছে।
নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি তিনি ইসরায়েলের বন্ধু ও প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেবেন।
আগামী সোমবার নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছে তাঁর দপ্তর। গত বছর ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর তাঁর সঙ্গে এ নিয়ে সপ্তমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন নেতানিয়াহু।
উভয় নেতা নিজেদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরার তৎপরতা দেখালেও সম্প্রতি টানাপোড়েন সামনে এসেছে। সবশেষ ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে দুই নেতা ফোনালাপ করেন। সে সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
এছাড়া, ইসরায়েলি কয়েকজন মন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির বিরোধীতা করায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও নেতানিয়াহুসহ অন্যদের সমালোচনা করেছেন।