ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে দেয়াল ধস: আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা

মিরপুরে দেয়াল ধস: আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা
×

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০০:১৫

রাজধানীর মিরপুরে বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আহতদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিটোরে গিয়ে আহতদের খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি না থাকে, সেজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো খরচ বহন করতে হবে না। বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী আনতে হলে তার হিসাব সংরক্ষণ করা হবে এবং সরকার সেই অর্থ পরিশোধ করবে। এরই মধ্যে প্রাথমিক সহায়তা হিসেবে আহতদের হাতে নগদ অর্থও দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত হন ছয়জন। তাঁদের মধ্যে পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত।

স্বাস্থ্যমন্ত্রীর সফরকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×