ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রাজধানী

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার
×

নিহত মো. বিল্লাল হোসেন তালুকদার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ১৯:৪৩

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যায় জড়িত অভিযোগে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সমকালকে বলেন, এজাহারভুক্ত আসামি না হলেও ওই ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে সালিশ বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় পরদিন একটি মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। তাতে যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

নিহতের ভাই ছাত্রদলের সাবেক নেতা হেলাল সাদী সমকালকে বলেন, খাজা হাবিবুল্লাহ হাবিব এই ঘটনায় জড়িত ছিলেন কিনা আমার জানা নেই। আমাদের করা মামলায় তিনি আসামি নন। তাকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি আমাদের কিছু জানায়নি। হয়তো তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে এসেছে। 

এর আগে এই মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যায় প্রধান অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আগাম জামিনে আছেন।

রমনা থানা পুলিশ ঘটনার পর জানিয়েছিল, আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রকৃতপক্ষে কী কারণে স্বেচ্ছাসবেক দল নেতাকে হত্যা করা হয় তা জানার চেষ্টা করছে পুলিশ। 

আরও পড়ুন

×