ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ফ্লিকের ফোনে বার্সায় রদ্রি

ফ্লিকের ফোনে বার্সায় রদ্রি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৪:১০ | আপডেট: ০৮ আগস্ট ২০২৬ | ১৪:৩৮

স্পেনের বিশ্বকাপ হিরো রদ্রিকে দলে নেওয়ার জন্য লম্বা পরিকল্পনা করেছিলেন দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া হোসে মরিনহো। কিন্তু দুই দিন আগে আচমকা শোনা গেল, রদ্রি নিজ দেশ স্পেনে ফিরছেন, তবে রিয়ালে নয় বার্সেলোনায়। গত বৃহস্পতিবার স্প্যানিশ এ মিডফিল্ডার বার্সায় যোগ দেওয়ার বিষয়ে কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালকের কাছে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম ‘মার্কা’। এর মধ্য দিয়ে তাঁর রিয়ালে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। রিয়ালও বসে নেই। তাঁর বিকল্প হিসেবে চেলসি থেকে এনজো ফার্নান্দেজকে টানার আলোচনা শুরু করে দিয়েছে মাদ্রিদ জায়ান্টরা।

রদ্রির প্রতিশ্রুতি পেয়ে কালবিলম্ব করেননি বার্সা কর্তারা। এরই মধ্যে ম্যানচেস্টার সিটির কর্তাদের সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা শুরু করেছেন। অবশ্য আলোচনায় বসার আগে রদ্রিকে ধরে রাখার শেষ চেষ্টা চালায় সিটি। কিন্তু বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ জেতা এ মিডফিল্ডার সিটিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি এখানে চুক্তি নবায়ন করবেন না, আগামী মৌসুমে বার্সার জার্সি পরতে চান। 

যদি সিটি তাঁকে বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তাহলে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। ২০২৭ সালের জুনে সিটির সঙ্গে রদ্রির চুক্তি শেষ হয়ে যাবে। তখন একেবারে ফ্রিতে যেখানে খুশি, সেখানে যেতে পারবেন রদ্রি। তাই ইংলিশ ক্লাবটির সামনে ৩০ বছর বয়সী এ মিডফিল্ডারকে বিক্রি করা ছাড়া কোনো পথ নেই। বার্সা কর্তৃপক্ষ রদ্রির জন্য ৫০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির প্রস্তাব দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কা। যদিও ম্যানসিটি এ প্রস্তাবকে যথেষ্ট মনে করছে না। রদ্রিকে বিক্রি করে আরও কিছু বাড়তি অর্থ কামিয়ে নেওয়ার চেষ্টা করছে তারা। তবে যা কিছু হওয়ার, দ্রুতই হবে।

রদ্রিকে নিয়ে আগ্রহ ছিল মূলত রিয়াল মাদ্রিদের। এমনকি দুই পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতাও হয়ে গিয়েছিল বলে জানা যায়। কিন্তু আলোচনা দীর্ঘায়িত হওয়ার সুযোগ কাজে লাগায় বার্সা এবং খেলোয়াড়ের সম্মতি আদায় করে নেয়। মার্কা জানিয়েছে, বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের একটি ফোন কলেই বদলে যায় রদ্রির গন্তব্য। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্তের সাংবাদিক কার্লোস মনফোর্ত জানান এ খবর। 

জানা গেছে, রদ্রিকে দলে টানার বিষয়ে বার্সার ক্রীড়া পরিচালকের ওপর ভরসা রাখতে পারেননি ফ্লিক। জার্মান এ কোচ নিজেই দায়িত্ব নিয়ে রদ্রিকে ফোন করেন। বার্সার পরিকল্পনায় রদ্রি কতটা গুরুত্ব বহন করেন, সেটা বুঝিয়ে বলেন। বার্সার মিডফিল্ড কীভাবে সাজাতে চান, সেটা রদ্রির কাছে ফোনে বিস্তারিত তুলে ধরেন ফ্লিক। নিয়মিত প্রথম একাদশে খেলার পাশাপাশি বার্সার মিডফিল্ডের নেতৃত্ব যে রদ্রির হাতেই থাকবে, সে নিশ্চয়তাও দেন। কোচের পরিকল্পনা শুনে এক মুহূর্তও দ্বিধায় ভোগেননি রদ্রি, বার্সায় যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়ে দেন। জানা গেছে, রিয়াল থেকে রদ্রিকে বেতন বেশি দেওয়ার প্রস্তাবও দিয়েছে বার্সা। মূলত ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়াংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণে রদ্রিকে টানার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ফ্লিক।

আরও পড়ুন

×