ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, পল্টনে গ্রেপ্তার ব্যক্তির ২ বছরের কারাদণ্ড

পুলিশের সোর্স পরিচয়ে প্রতারণা, পল্টনে গ্রেপ্তার ব্যক্তির ২ বছরের কারাদণ্ড
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ১৭:৩৩

নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. নজির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত শুক্রবার এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাকে এ সাজা দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নজির হোসেন নেত্রকোনা সদর থানার কৃষ্ণখালী এলাকার মৃত আলী আকবরের ছেলে। তার মায়ের নাম রওশনারা আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, নজির হোসেন নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন। বিশেষ করে মতিঝিল, পল্টন ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকেন্দ্রিক বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।

পুলিশের ভাষ্য, নজির এসব ব্যক্তিকে মামলা থেকে সহায়তা, জামিন করিয়ে দেওয়া, সাজা কমিয়ে দেওয়াসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। এসব কথা বলে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

এ ছাড়া নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে ইয়াবার বড় চালান ধরিয়ে দেওয়ার কথা বলে পুলিশের কাছ থেকেও সোর্স মানি ও মুঠোফোন নেওয়ার কথা নজির স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষ ও মামলার আসামিদের স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে নজিরের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।

তার প্রতারণার শিকার হয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

×