জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী, দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫২
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় সংগঠনের দুই যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন—গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, রসায়ন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী রাবিউল ইসলাম শাওন ও ১৬তম ব্যাচের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের মাথায় আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে মঞ্চে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমির অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, তিন শিক্ষার্থী চিকিৎসার জন্য এসেছিলেন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশে তাদের এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, সাংগঠনিক দায়িত্বশীল পদে থেকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান সমকালকে বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুমন সরদার সমকালকে বলেন, আমরা অনুষ্ঠানের কাজে ব্যস্ত ছিলাম। এর মধ্যে সিনিয়র-জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু জানি না।