ভুয়া ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:১১ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১১:২২
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলার ফ্ল্যাটে যায়। সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার কথা বলে ভয়ভীতি দেখাচ্ছিলেন। একপর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভয়ে তিনি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি নিয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।
- বিষয় :
- গ্রেপ্তার
- চাঁদাবাজি
- ভুয়া ডিজিএফআই