ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

রাড্ডা সেন্টার ভাঙচুরে জড়িত আরও দুইজন গ্রেপ্তার

রাড্ডা সেন্টার ভাঙচুরে জড়িত আরও দুইজন গ্রেপ্তার
×
×

গ্রেপ্তার রফিকুল ইসলাম জিন্নাহ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ১৩:১৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ১৪:২৫

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ (২৭)।

শনিবার আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন। তিনি জানান, রাড্ডা ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে, শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে রফিকুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করে শাহআলী থানা পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব। তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জিন্নাহকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রফিকুল ইসলাম জিন্নাহকে গত বুধবার দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

×