মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দালালের কারাদণ্ড
আটক তাহের শেখ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ | ২০:৩০
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় এক দালালকে আটক করে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিআরটিএর মিরপুর-১৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার অভিযানকালে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের ক্যাম্পাস থেকে তাহের শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে সেবা নিতে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএ কার্যালয়কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।