বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ১৭:১৯
বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশ দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৫: ঢাকা শহরের বস্তিবাসীদের দারিদ্র্যের গতিপ্রকৃতি উন্মোচন’ শীর্ষক প্রকাশনা প্রতিবেদন করা হয়।
ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) এবং সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগ (সিআইডিডি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিষ্ঠান দুটি কর্তৃক প্রকাশিত ‘দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন’ সিরিজের এটি চতুর্থ সংস্করণ।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা শহরের বস্তিবাসীরা চরম বহুমুখী দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। তাদের এই কষ্টদায়ক জীবনযাপন আয়, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং মৌলিক মানবিক সুযোগ-সুবিধার ঘাটতি ও নাজুক পরিস্থিতির কারণে আরও কঠিন হয়ে পড়ে।
গবেষণার ফলাফলে দেখা গেছে, ছোট আকারের বস্তিগুলোতে বহুমুখী দারিদ্র্যের হার সবচেয়ে বেশি—যার ‘মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স’ (এমপিআই) বা বহুমুখী দারিদ্র্য সূচক হলো ০.৬১। এরপরে রয়েছে মাঝারি আকারের বস্তি (০.৫৪) এবং বড় আকারের বস্তি (০.৩৮)।
সূচকে দারিদ্র্যের হার এবং এর তীব্রতা—উভয়কেই একসঙ্গে বিবেচনা করা হয়। তাই, ছোট বস্তিগুলোতে উচ্চ সূচক এটাই নির্দেশ করে যে, সেখানকার বাসিন্দারা কেবল বারবারই দারিদ্র্যের শিকার হচ্ছেন, একাধিক মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বঞ্চিত হওয়ার হার স্কুলে উপস্থিতির চেয়ে মূলত জীবনযাত্রার মান এবং স্বাস্থ্য খাতেই বেশি দেখা গেছে।
সার্বিকভাবে ফলাফলে উঠে এসেছে যে, ঢাকায় বস্তিবাসীদের এই বহুমুখী দারিদ্র্যের মূল কারণ হলো অপর্যাপ্ত জীবনযাত্রার পরিবেশ, নিম্নমানের পরিবেশগত অবস্থা, স্বাস্থ্যসেবায় সীমিত সুযোগ এবং বয়স্কদের মধ্যে স্বল্প শিক্ষার হার।
গবেষণায় বস্তির দারিদ্র্যের গতিপ্রকৃতি সংক্রান্ত অভিজ্ঞালব্ধ তথ্যেরভিত্তিতে প্রণীত বেশ কিছু সুনির্দিষ্ট নীতিগত সুপারিশ দেওয়ার পাশাপাশি প্রতিবেদনে এটি জোরালোভাবে উল্লেখ করা হয়েছে যে, বস্তির এই ধারাবাহিক বৃদ্ধি বস্তুত দেশের নগরায়ণ প্রক্রিয়ার একটি নীতিগত ব্যর্থতার ফল।
প্রতিবেদনে বলা হয়েছে, জোরপূর্বক উচ্ছেদ বা স্থানান্তরের পরিবর্তে বস্তিবাসীদের নিজ স্থানেই জমি বা বাসস্থানের নিশ্চয়তা, সাশ্রয়ী আবাসন, মৌলিক সেবা, জীবিকার সুযোগ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন প্রয়োজন। ঢাকাকে একটি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বসবাসের শহর হিসেবে গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এই উন্নয়ন কাজ সম্পন্ন করা প্রয়োজন।
- বিষয় :
- দারিদ্র্য
- প্রকাশনা অনুষ্ঠান