ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ঢাকার বস্তির ৮৯% পরিবার বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে

বাংলাদেশের দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদন

ঢাকার বস্তির ৮৯% পরিবার বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে
×
×

রাজধানী ঢাকার একটি বস্তি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ | ০৮:৩৭ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ | ০৯:৩১

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর বস্তিতে ৮৯ শতাংশ পরিবার বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে। অর্থাৎ এখানে প্রতি ১০টি পরিবারের ৯টি দরিদ্র। আবাসন, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও শিক্ষার মতো  প্রায় সব সূচকে বস্তির মানুষ গভীর সংকটের মধ্যে রয়েছে। অর্থাৎ বস্তি একরকম দারিদ্র্যের ফাঁদ। এ ছাড়া বস্তির অর্ধেকের বেশি মানুষ সার্বক্ষণিক উচ্ছেদের আতঙ্কে থাকে।  

‘বাংলাদেশ পভার্টি ওয়াচ রিপোর্ট ২০২৫’-বা বাংলাদেশে দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (ইনএম) ও সেন্টার ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ডায়ালগের (সিআইডিডি) যৌথভাবে এই জরিপ পরিচালন করে। এতে গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে রাজধানীর ৭টি বস্তির ২১০ পরিবারের তথ্য নেওয়া হয়। তথ্যের সঙ্গে দলীয় আলোচনা ও জীবনকাহিনির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। 

গতকাল মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খান, সিআইডিডির  চেয়ারম্যান ও আইএনএমের ব্যবস্থাপনা পরিচালক ড. মুস্তফা কে মুজেরি, ঢাকা বিশ্ববিদ্যালের অধ্যাপক এমএম আকাশ ও সালমা আক্তার। আইএনএমের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

সংকট ও বঞ্চনা 
জরিপ প্রতিবেদন বলছে, বস্তির আকার যত ছোট, দারিদ্র্য ও বঞ্চনার মাত্রা তত তীব্র। বড় বস্তিতে যেখানে ৭৫ শতাংশ পরিবার দরিদ্র।  মাঝারি বস্তিতে তা ৯৪ দশমিক ৪ শতাংশ। ছোট বস্তিতে এ হার ৯৫ শতাংশ। অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকেও ছোট বস্তির অধিবাসীরা ব্যাপক বৈষম্যের শিকার। ছোট বস্তির পরিবারগুলো মাসে বড় বস্তির চেয়ে গড়ে পাঁচ হাজার ৪০০ টাকা কম আয় করে। ছোট বস্তির ৯০ শতাংশ পরিবার সনদধারী ডাক্তারের সেবা পায় না এবং ৮০ শতাংশ পরিবারে স্যানিটারি ল্যাট্রিন নেই। তা ছাড়া, ৮০ শতাংশের বেশি পরিবার মাত্র ৬০ থেকে ১২০ বর্গফুটের এক কক্ষের ঘরে বাস করে, যেখানে আয়ের ২৫ থেকে ৪০ শতাংশ চলে যায় ভাড়ায়। বড় বস্তির ৭৮ শতাংশ নিচু এলাকায় হওয়ায় বন্যা ও জলাবদ্ধতা তাদের নিত্যসঙ্গী।

বস্তি যত ছোট দারিদ্র্য তত বেশি 
জরিপে দেখা যায়, বস্তি যত ছোট, দারিদ্র্য তত বেশি। বড় বস্তিতে ৭৫ শতাংশ পরিবার দরিদ্র, মাঝারিতে ৯৪ দশমিক ৪ শতাংশ ও ছোট বস্তিতে ৯৫ শতাংশ। বহুমাত্রিক দারিদ্র্য সূচক বড় বস্তিতে শূন্য দশমিক ৩৮, মাঝারিতে শূন্য দশমিক ৫৪ ও ছোটতে শূন্য দশমিক ৬১। ছোট বস্তির পরিবারগুলো মাসে বড় বস্তির তুলনায় পাঁচ হাজার ৪০০ টাকা কম আয় করে। 

জরিপ বলছে, ৯৫ দশমিক ২ শতাংশ পরিবার শৌচাগার ভাগাভাগি করে। ৪২ দশমিক ৯ শতাংশের স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। ছোট বস্তিতে এ হার ৮০ শতাংশ। ৭৯ দশমিক ১ শতাংশ পরিবার নিরাপদ পানি পায় না। ৮৪ দশমিক ৩ শতাংশ বাস করে নোংরা পরিবেশে। প্রতিবেদনের ভাষ্য, বস্তির দারিদ্র্য কেবল আয়ের নয়, এটি আবাসন, পানি, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার সম্মিলিত বঞ্চনা। জরিপে গড় মাসিক আয় ১৬ হাজার ৯০০ টাকা, ব্যয় ১৩ হাজার ৬০০ টাকা।

সার্বক্ষণিক উচ্ছেদ আতঙ্ক
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বস্তি গড়ে ওঠা নীতিগত ব্যর্থতার ফল। বস্তির অর্ধেকের বেশি মানুষ সার্বক্ষণিক উচ্ছেদের আতঙ্কে থাকেন। ভূমিস্বত্ব না থাকায় ঘরের স্থায়িত্বে কেউ বিনিয়োগ করেন না, অথচ উচ্ছেদে পানি-বিদ্যুৎ সরবরাহ ভেঙে যায় এবং প্রতিবেশীদের সহায়তার নেটওয়ার্ক ছিন্ন হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সম্পূর্ণ বেআইনি। 
প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, বলপূর্বক উচ্ছেদ না করে বস্তিতেই সড়ক, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি বস্তিবাসীর নিজস্ব সংগঠনের নেতৃত্ব, ধাপে ধাপে ভূমিস্বত্বের স্বীকৃতি, স্বল্প ভাড়ার আবাসন এবং বন্যা-সহনশীল অবকাঠামো নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সক্ষমতা বাড়িয়ে ছোট ও মাঝারি বস্তিগুলোকে অগ্রাধিকার দিয়ে টেকসই নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।

গাদাগাদি ঘর, ভাড়ার চাপ
বস্তির ৮০ শতাংশের বেশি পরিবার এক কক্ষে থাকে, ঘর ৬০ থেকে ১২০ বর্গফুটের। প্রতিবেদনে উদ্ধৃত তথ্যে ১৪ বর্গমিটারের ঘরে ৫-৮ জন থাকেন, অথচ মানদণ্ড প্রতি ঘরে সর্বোচ্চ দুজন। বেশির ভাগ পরিবার ভাড়াটে, আয়ের ২৫ থেকে ৪০ শতাংশ ভাড়ায় যায়, কারও কারও ক্ষেত্রে ৬৭ শতাংশ পর্যন্ত। ঢাকা নগরের গড় ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪৭ হাজার ৪০০ জন। গড় বস্তিতে তা প্রায় আড়াই লাখ, অর্থাৎ পাঁচ গুণ। সবচেয়ে ছোট বস্তিগুলোতে ঘনত্ব প্রায় ৮ লাখ ১৫ হাজার, নগরের ১৭ গুণ। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১ শতাংশ জমিতে শহরের ৬ দশমিক ৩৩ শতাংশ মানুষ ঠাসাঠাসি করে থাকে। বড় বস্তির ৭৮ শতাংশ নিচু এলাকায়, যেখানে বন্যা ও জলাবদ্ধতা নিয়মিত। আনুমানিক ৩০ লাখ মানুষ ঢাকার বস্তিতে থাকেন। স্কুলের বাইরে শিশু আছে ১২ দশমিক ৪ শতাংশ পরিবারে। কিন্তু ৭০.৫ শতাংশ পরিবারে কোনো প্রাপ্তবয়স্কের ছয় বছরের স্কুলশিক্ষাও নেই। 

সুপারিশ 
প্রতিবেদনে পাঁচটি নীতিদিক সুপারিশ করা হয়েছে। এগুলো হলো–  বস্তি উচ্ছেদ না করে সড়ক, পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থার উন্নয়ন; বস্তিবাসীদের নিজস্ব সংগঠনের নেতৃত্বে কর্মসূচি; ধাপে ধাপে অনানুষ্ঠানিক ভূমি-অধিকারের স্বীকৃতি; কমিউনিটি সঞ্চয়, সমবায় ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব; এবং বন্যা-সহনশীল অবকাঠামো। নতুন ধারণার মধ্যে আছে বস্তিবাসীদের নিজেদের জিআইএস ম্যাপিং, যৌথ ভূমি-অধিকার, স্বল্প ভাড়ার আবাসন ও নির্মাণকাজে স্থানীয় প্রশিক্ষণ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে ক্ষমতা, অর্থ ও দক্ষতা দেওয়ার তাগিদও রয়েছে। 

আরও পড়ুন

×