ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ছাত্র ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ছাত্র ইউনিয়নের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০ | ০৬:০৯

পুলিশের বাধার মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ, নিপীড়ন ও ছাত্র নেতাদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে রোববার এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল সহকারে ছাত্র ইউনিয়ন নেতাকর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে যান। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটিকে আটকে দেয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে একটি শুভেচ্ছা কার্ডে পুলিশকে সুস্থ হয়ে ওঠার আহ্বান জানান নেতারা।

ছাত্র ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেশমী সাবা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজিফা জান্নাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশা, ঢাকা মহানগর সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক চিত্রা ঘোষ পরমা প্রমুখ।

নেতারা বলেন, ‘যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ধর্ষণ একটি স্বাভাবিক ঘটনা, সেই দেশের পুলিশের কাছ থেকে নিপীড়ন ছাড়া অন্য কিছু আশা করাটাই দিবাস্বপ্নের সামিল। ভোটচুরির সরকার এমন এক ব্যবস্থা তৈরি করেছে, যে ব্যবস্থায় পুলিশসহ সকল প্রতিষ্ঠানে শুধুমাত্র অসুস্থ লোক তৈরি করছে। আশা করব, বাংলাদেশ পুলিশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এবং সরকারের আজ্ঞাবহ দাস থেকে জনতার কাতারে এসে দাঁড়াবে। সেদিন বাংলাদেশ থেকে শুধু ধর্ষণ-সন্ত্রাস নয়, স্বৈরাচারি সরকারি ব্যবস্থাকেও উপড়ে ফেলা সম্ভব।’

এ সময় ধর্ষণবিরোধী গ্রাফিতি আঁকার দায়ে ছাত্র ইউনিয়ন নেতাদের পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। 

আরও পড়ুন

×